প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৫৮ পিএম
আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা-খরা ঘুচিয়েছেন মেসি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার কাছে নতুন করে আর কিছু চাওয়ার নেই আর্জেন্টাইন ভক্তদের। তবুও সমর্থকদের কাছে মেসি মানেই এক আবেগ।
আরও পড়ুন - শান্ত একা এবং অদ্বিতীয়
যার খেলা দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব। কাতার বিশ্বকাপ জয়ের পর দলটির সমর্থকরা স্বপ্ন দেখছে ২০২৬ বিশ্বকাপ শিরোপার। সেখানেও খেলবেন কি না মেসি তা বলবে সময়। তবে তার আগে দলকে বিশ্বকাপ খেলার যোগ্যতা পাইয়ে দিতে বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছেন এই মহাতারকা।
সেই ম্যাচের টিকিট বাজারে ছাড়ার পর মুহূর্তেই হাওয়া। এক ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেছে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের সব টিকিট।
আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের জন্য মেসিকে রেখে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী ৮ ও ১৩ সেপ্টেম্বর ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
দল ঘোষণার পর ঘরের মাঠ বুয়েনস আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ে দেশটির ফুটবল ফেডারেশন, যা এক ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে যায়। এই ম্যাচের পর বলিভিয়ার মাঠে খেলতে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।