প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৬ পিএম
বাজে সময়টা পেছনে ফেলেছেন সেই কবে। নাজমুল হোসেন শান্তর ব্যাট এরপর হাসছে ধারাবাহিকভাবেই। যাতে ভর করে শেষ কিছুদিনে বাংলাদেশের ব্যাটিংও হাসছিল বেশ। গতকালও শান্তর ব্যাট জ্বলে উঠল আরও একবার। তবে শেষ কিছুদিনের সঙ্গে গতকাল এশিয়া কাপের প্রথম ম্যাচের পার্থক্য- দলের ব্যাটিংটা হাসেনি একেবারেই। হাসবে কী করে? শান্ত যে লড়েছেন একাই!
আরও পড়ুন - বার্সেলোনা ছাড়ছেন ফাতি
দলে তার ভূমিকাটা এখন তিন নম্বর ব্যাটারের, যিনি দলের ব্যাটিংয়ের সুরটা বেঁধে দেবেন। তবে তিন নম্বরে নামা ব্যাটারের বাড়তি দায়িত্ব থাকে সময়ে-অসময়ে অঘোষিত ওপেনার হয়ে যাওয়ারও। শুরুর ২-৩ ওভারেই যদি ওপেনারদের কেউ বিদায় নেন, তখন ওপেনার আর তিনে নামা ব্যাটারের সঙ্গে পার্থক্যটা থাকে কোথায়?
গতকালও রইল না। শান্ত যখন ক্রিজে এলেন, তখন বাংলাদেশ ইনিংসের বয়স মোটে ৮ বল। শান্তর নিঃসঙ্গ লড়াইয়ের শুরু তখনই। তার পরের গল্পটা এমন- জুটি গড়ছেন, ওপাশে তার সঙ্গী উইকেট ছুড়ে দিয়ে ফিরছেন সাজঘরে, আবারও গড়ছেন জুটি… চক্রাকারে হয়েছে এমনই।
তবে ওপাশে যখন সঙ্গীদের আসা-যাওয়ার মিছিল দেখেছেন, এপাশে তিনি অটল থেকেছেন নিজের কৌশলে। ঝুঁকি একেবারেই নেননি, তার ব্যাটিং বুঝতেই দিচ্ছিল না, এই টু পেসড উইকেটে খাবি খাচ্ছেন ওপাশের ব্যাটাররা।
ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটিটা যখন ছুঁলেন, তখন লড়াকু পুঁজির আশাই তো দেখছিল বাংলাদেশ, সঙ্গে তার দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরিরও। তবে তা হয়নি শেষমেশ। মহেশ থিকশানার ক্যারম বলটা ব্যাটের ভেতরের কোণায় লেগে যখন ভাঙল তার স্টাম্প, তার আগে করে ফেলেছিলেন ৮৯ রান।
তার এই ইনিংসের মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে দলের বাকিদের পারফরম্যান্স। শান্তকে এক পাশে রাখলে দলের সর্বোচ্চ রানের ইনিংসটা যায় তাওহিদ হৃদয়ের ঝুলিতে, ৪১ বলে তিনি করেছেন ২০ রান। পুরো ইনিংসে এক অঙ্কে আউট হয়েছেন সাত ব্যাটার।
গোটা দল রান তুলেছে ১৬৪। তার মধ্যে শান্তই করেছেন ৮৯, তার মানে দাঁড়াচ্ছে বাকি দল মিলে রান তুলেছে মোটে ৭৫। শান্ত কতটা নিঃসঙ্গ ছিলেন, তা নিশ্চয় বুঝতেই পারছেন।
শান্তর ব্যাট গতকাল অমন দুর্বোধ্য উইকেটেও যেমন হেসেছে, তেমনি হেসে চলেছে বছরজুড়েই। ওয়ানডেতে তার পঞ্চাশ ছাড়ানো সব ইনিংসই এসেছে চলতি বছর, আরেকটু স্পষ্ট করে বললে- সবশেষ ১২ ইনিংসে। টেস্টেও সবশেষ দুটো ইনিংসে দেখেছে সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও খেলছেন বেশ ভালো, বছরের শুরুতে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ, তার মূল কুশীলবদের একজন তো তিনিও।
তবে সেসব কীর্তির সঙ্গে গতকালকের পার্থক্য এখানেই- তিনি একাই লড়েছেন গতকাল। এমন কিছুর মধ্য দিয়ে যাওয়াটা গতকালই শেষ হয়ে যাক, মনেপ্রাণে নিশ্চয় সেটাই চাইছেন শান্ত। নিজের দারুণ সব কীর্তি বিফলে যাক, তা কে চান বলুন?