ইউরো কোয়ালিফায়ারে স্পেন দল ঘোষণা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৫ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৭ পিএম
দক্ষতার ছাপ বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন লামিনে ইয়ামাল। ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে রোমাঞ্চ ছড়ানোর পর তরুণ তারকাকে নিয়েই জমছে আলোচনা। কাতালান ক্লাবের হয়ে সবচেয়ে কম বয়সে এসিস্টের কৃতী গড়া লামিনেকে প্রশংসায় ভাসিয়েছিলেন জাভি হার্নান্দেজ। এতসব আলোচনার মাঝে বিস্ময়বালক লামিনেকে স্পেন দলেই চেয়ে বসেছিলেন। জাভির সেই চাওয়া পূর্ণ হল সপ্তাহ না ঘুরতেই।
সেপ্টেম্বরের ৮ তারিখে জর্জিয়া এবং এর চার দিন পর সাইপ্রাসের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ আছে স্পেনের। গ্রুপ পর্বে একটি জয় এবং একটি পরাজয় দিয়ে এ অভিযান শুরু করেছে লা রোজারা। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে দল দিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। সেখানেই স্পেন নাকি মরক্কো— দ্বিধায় থাকা লামিনেকে দলে রেখেছেন স্পেনের বস।
আরও পড়ুন: লামিনেকে স্পেন দলে দেখতে চান জাভি
দুর্দান্ত ফর্মে থাকা লামিনে যদি ইউরোর ম্যাচটিতে একাদশে থাকে বা অভিষেক হয় তাহলে ১৬ বর্ষী তারকা সবচেয়ে কম বয়সের স্প্যানিয়ার্ড হিসেবে নাম লিখিয়ে ফেলবেন। এর আগে স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেছেন লামিনেরই সতীর্থ গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ২ মাস ১ দিন বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।
কদিন আগে শিষ্যকে নিয়ে জাভি আশাব্যক্ত করে আসছেন, ‘ইয়ামাল অনেক দিন বার্সায় থাকুক। আর সবার মতো আমাকেও বিস্মিত করেছে। সে ভিন্ন মাত্রার খেলোয়াড়। স্মার্ট। আমি ওকে স্পেনের হয়ে খেলতে দেখতে চাই। এটা ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। জানি না, সে কী করবে? শুধু চাই, সে বার্সেলোনার হয়ে অনেক দিন খেলুক।’