প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২৩:২৯ পিএম
এশিয়া কাপ দলে সুযোগ না হওয়ায় আপাতত মাঠের ক্রিকেট থেকে কিছুটা দূরেই রয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সেই সুযোগে ঘরে বসে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এশিয়া কাপের দলগুলো নিয়ে বিশ্লেষণ করছেন তিনি। সেখানেই বাংলাদেশ দলকে নিয়ে কথা বলেছেন এই অলরাউন্ডার। বলেছেন, বাংলাদেশ দলকে দেখে ১৯৯০ সালের ভারত দলের কথা মনে পড়ে তার।
আরও পড়ুন - টেবিল টেনিসে অনিয়মের অভিযোগ
অশ্বিন বলেন, ‘বাংলাদেশ সব সময় দুর্দান্ত সম্ভাবনাময় দল। তারা আমাকে ১৯৯০ সালের ভারত দলের কথা মনে করিয়ে দেয়। যে দলের অসাধারণ সম্ভাবনা ও বিশাল আশা ছিল। কিন্তু বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দ্রুত এগিয়েছে। কোনো এক কারণে সে রকম তারকা বোলার বা তারকা ব্যাটার তারা তৈরি করতে পারেনি। তবে তারকা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান। সে ব্যাটে-বলে এখনও অবদান রেখে চলেছে। অধিনায়ক হিসেবে সে ফিরেছে।’
বাংলাদেশ দলের নতুন ক্রিকেটার তাওহিদ হৃদয়ের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘আমি তাওহিদ হৃদয়ের কথা বলব। সে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। ৪৮.২৫ গড়ে ব্যাটিং করেছে। আসন্ন এশিয়া কাপ তার খুব বড় একটি পরীক্ষা হবে। সে যদি এশিয়া কাপে নিজেকে প্রমাণ করতে পারে তাহলে টুর্নামেন্ট শেষে একজন ব্যাটিং সুপারস্টার পেতে চলেছে বাংলাদেশ।’