প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৯:১৯ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:৫১ পিএম
পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল ধীরগতিতে। দলকে সেই বাজে অবস্থা থেকে টেনে তোলেন বাবর আজম আর ইফতিখার আহমেদ। দুজনের ডাবল সেঞ্চুরির পার্টনারশিপে এশিয়া কাপের নবাগত নেপালের সামনে ৩৪৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান।
আরও পড়ুন - প্রথম ম্যাচেই বাবরের সেঞ্চুরি
নেপালের বোলিং দাপটের খোলস ভেঙে ব্যাটিং ঝলক দেখান বাবর আজম। দুরন্ত ব্যাটিংয়ের পসরা সাজিয়ে আদায় করে নেন দারুণ এক সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১৯তম সেঞ্চুরি। ১০৯ বলে ১০ বাউন্ডারিতে জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন পাকিস্তান ক্যাপ্টেন। তবে সাজঘরে ফেরার আগে ১৩১ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেন ১৫১ রানের দুর্বার এক ক্রিকেটীয় ইনিংস।
সেঞ্চুরি হাঁকান ইখতিখার আহমেদও। ৭১ বলে ১০৯* রানের হার না মানা দুরন্ত ইনিংস খেলে অপরাজিত থেকে যান তিনি। ইফতিখারের এ ইনিংসে ছিল ১১ বাউন্ডারি ও ৪ ছক্কা। পঞ্চম উইকেটে বাবর আজমের সঙ্গে ১৩১ বলে ২১৪ রানের জুটি গড়েন ইফতিখার। মোহাম্মদ রিজওয়ান ৬ রানের জন্য ফিফটি মিস করেন। দলীয় স্কোরে যোগ করেন তিনি ৪৪ রান। ত্রয়ীর ব্যাটিংয়ের ওপর ভর করে ৬ উইকেটে ৩৪২ রানের পুঁজি গড়ে পাকিস্তান।
নেপালের জার্সি গায়ে দুটি উইকেট নেন সমপাল কামি। একটি করে উইকেট নেন কারান কেসি ও সন্দ্বীপ লামিচানে।
তার আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিন রাতেই একাদশ ঘোষণা করায় একাদশ নিয়ে কৌতূহল ছিল না খুব একটা। অন্যদিকে এ ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হলো নেপালের।