প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৮:৪৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩ ১৮:৪৪ পিএম
প্রাথমিক তালিকায় আছে— তাইজুল ইসলাম, রিপন মন্ডল ও জাহানারা আলমের নাম
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগব্যাশের প্লেয়ার ড্রাফটে নাম লিখিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। প্রাথমিক তালিকায় আছে— তাইজুল ইসলাম, রিপন মন্ডল ও জাহানারা আলমের নাম। সোমবার বিগব্যাশের প্লেয়ার ড্রাফটের প্রাথমিক তালিকায় থাকা ৩৭৬ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি নারী বিগব্যাশের জন্য ১২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।
বিগব্যাশের সবশেষ আসরের প্লেয়ার ড্রাফটে ছিল রিপন মন্ডলের নাম। এ ছাড়াও ছিল আল আমিন হোসেন ও শফিউল ইসলামের নাম। এবার রিপন ছাড়া বাকি দুইজনের কেউই নাম দেননি। তাদের জায়গায় এবার এসেছে তাইজুল ইসলামের নাম। ছেলেদের বিগব্যাশে আছে এই দুই ক্রিকেটারের নাম। নারী বিগব্যাশে আছে শুধুমাত্র জাহানারা আলমের নাম।
আরও পড়ুন: লামিনেকে স্পেন দলে দেখতে চান জাভি
বিগব্যাশ চলাকালীন একই সময়ে বাংলাদেশে চলবে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। ফলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য টুর্নামেন্টটিতে খেলা একটু কঠিনই বটে। সে কারণে বিগব্যাশে খুব একটা বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যায় না। একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান বিগব্যাশে খেলেছেন। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন। দুই আসরে মোট ৬ ম্যাচ খেলেছেন তিনি।
তিন বাংলাদেশি ছাড়া প্লেয়ার ড্রাফটে ইংল্যান্ড থেকে আছেন ১৪৪ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪৬ জন ও পাকিস্তান থেকে বিগব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ৩০ ক্রিকেটার। এ ছাড়া রোমানিয়া ও গ্রিসের মতো দেশের ক্রিকেটাররাও বিগব্যাশে খেলার আগ্রহ দেখিয়েছেন। গতবার বিগব্যাশ থেকে প্রত্যাহার করা রশিদ খান এবারও আছেন প্লেয়ার ড্রাফটে। মোট ২৪ জন আফগান ক্রিকেটার বিগব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।