× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বসুন্ধরার মাঠ এখন বাংলাদেশের ঠিকানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৮:৫৫ পিএম

বসুন্ধরার মাঠ এখন বাংলাদেশের ঠিকানা

বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কারকাজ চলছে প্রায় দুই বছর হতে চলল। এরপরই বাংলাদেশের ফুটবল দেখেছে বিকেন্দ্রীকরণ। জাতীয় দলও নিজেদের হোম ম্যাচগুলো খেলেছে সিলেট জেলা স্টেডিয়ামে। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা আবারও ঢাকায় ফিরিয়ে আনতে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল সূচিকে। 

আরও পড়ুন - রবিবার দেশ ছাড়বেন সাকিবরা

বসুন্ধরার মাঠকে অনুশীলন ক্যাম্পের ভেন্যু বানিয়েছে বাংলাদেশ, তা বেশ কয়েক মাসই হয়ে গেছে। গেল সাফের আগে কোচ হাভিয়ের কাবরেরা দলকে নিয়ে ক্যাম্প করেছেন এখানে। আসছে আন্তর্জাতিক উইন্ডোয় আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, তার ক্যাম্পও হচ্ছে এখানেই। 

তবে ম্যাচের ভেন্যু হিসেবে শুরুতে ভাবনায় ছিল ওই সিলেট জেলা স্টেডিয়ামই। তবে মাঠটি নিয়ে অসন্তোষ ছিল খেলোয়াড়দের মধ্যে। ফেডারেশনকে জানানোও হয়েছিল বিষয়টা। এরপরই ভেন্যু নিয়ে আবারও নতুন করে ভাবনা শুরু হয় বাফুফের। সে ভাবনায় অবসান ঘটাতে যাচ্ছে বসুন্ধরা কিংসের মাঠ, এখানেই হতে চলেছে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ। 

বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা গড়াচ্ছে গেল বছরের ফেব্রুয়ারি থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর ফেডারেশন কাপের ম্যাচও সেখানেই খেলেছে বসুন্ধরা কিংস। আসছে এএফসি কাপের হোম ভেন্যু হিসেবেও এই মাঠকেই চেয়েছিল বসুন্ধরা। তবে এএফসির চাওয়া ছিল আরও কিছু উন্নতির। শর্ত ছিলÑ গ্যালারিতে চেয়ার বসাতে হবে, সঙ্গে থাকতে হবে ডোপ টেস্টের সুবিধা, ব্রডকাস্টিং রুমও। মূলত কাজ চলছিল সে এএফসি কাপকে ভাবনায় রেখেই। 

তবে বাফুফে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করার পর গতি আসে কাজে। যারই ফলশ্রুতিতে চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে কাজ। গ্যালারিতে চেয়ার বসানোর কাজটা প্রায় শেষের দিকে। লাল-সাদা চেয়ার বসে যাচ্ছে কিংসের মাঠের তিন দিকে থাকা গ্যালারিতে। বাকি শর্তও পূরণ হয়ে যাবে শিগগিরই। 

এএফসি থেকেও এখন আর কোনো আপত্তি নেই। সম্প্রতি বসুন্ধরা কিংস সভাপতি ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘এএফসি থেকে বলা হয়েছে আসন্ন সিরিজের ম্যাচ দুটো এখানে আয়োজন করা নিয়ে তাদের কোনো অবজেকশন নেই, তো আমরা ধরেই নিতে পারি যে অনুমোদন পেয়ে গেছি।’ 

আর তাতেই গড়া হয়ে যাবে নতুন এক ইতিহাস। একটা ইতিহাস অবশ্য আগেই গড়ে ফেলেছিল বসুন্ধরা, নিজেদের গড়া মাঠে খেলে। এমন কিছুর নজির যে দক্ষিণ এশিয়ার ফুটবলেই নেই আর একটাও! নতুন ইতিহাসটা হচ্ছে বাংলাদেশকে ঘিরে। বাংলাদেশ ফুটবল দল এবারই প্রথমবারের মতো খেলবে স্থানীয় কোনো ক্লাবের হোম ভেন্যুকে নিজেদের ভেন্যু বানিয়ে। 

নতুন এ ভেন্যু কোচ হাভিয়ের কাবরেরাকেও দেখাচ্ছে নতুন স্বপ্ন। ভালো মাঠের চাহিদা তার অনেক দিনের। সেটা পেলে দল কী করতে পারে, সেটাও দেখা গেছে গেল সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা তার আগের কম্বোডিয়া সফরে। মূলত সে কারণেই আশায় বুক বাঁধছেন বাংলাদেশ কোচ। 

তার কথা, ‘মাঠটা পেয়ে যাওয়াটা অনেক তৃপ্তির। ভালো মাঠ পেলে আমাদের দল কেমন খেলে, তা আপনারা দেখেছেন। সৌদি আরবে মালাউইর বিপক্ষে খেলেছি আমরা। এরপর সাফ চ্যাম্পিয়নশিপ। কম্বোডিয়ার মাঠ থেকেও আমরা ভালো ফলাফল নিয়ে বেরিয়ে আসতে পেরেছি, সে ম্যাচগুলো কিন্তু ভালো মাঠেই হয়েছে। এবার সেটা ঘরের মাঠেও পাচ্ছি আমরা। তো এটাকে আমরা এবার ভালোভাবেই কাজে লাগাতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা