প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২১:১১ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ২১:১৬ পিএম
আর কত, এবার একটু বিশ্রাম তো পেতেই পারেন লিওনেল মেসি! বিশ্রামের এমন দাবির পেছনেও কারণ আছে। পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া মেসির যেন ফুসরত নেই। মাঠে নামছেন, গোল করছেন এবং দলকে জেতাচ্ছেন। তার কি বিশ্রামের প্রয়োজন নেই? উত্তরটা টেনেছেন মেজর লিগ সকারের সাবেক খেলোয়াড় অ্যালেক্সি লালাস।
লস অ্যাঞ্জেলেসের একসময়ের দাপুটে ফুটবলারের মতে, মেসি মাঠে তো হেঁটেই বেড়ান। তার ছুটির কি দরকার। যদিও কোচ টাটা মার্টিনো মনে করছেন, টানা খেলার চাপের কারণে মেসির বিশ্রাম প্রয়োজন, ‘লিও এবং অন্যান্য অনেক খেলোয়াড় শারীরিক সীমার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছেন।’
আরও পড়ুন:
মিয়ামিতে আসার পর আট ম্যাচে একটি শিরোপাসহ আরেকটি আসরের ফাইনালে পৌঁছেছেন মেসি। করেছেন ১০ গোল, জালের দেখা পাইয়ে দিতেও সেরা ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার যোগ দেয়ার পর সব ম্যাচেই জিতেছে দলটি।
মেসি সারা মাঠে দৌড়ে খেলেন না। বল পেলে দৌড়ান, ড্রিবলিং করেন। আবার প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে ছোটেন। এর বাইরে আর্জেন্টাইন তারকা হয় দাঁড়িয়ে থাকেন, নয়তো হেঁটে বেড়ান মাঠে। লালাস মজা করেছেন সেটি নিয়েই, ‘খেলার বেশিরভাগ সময়ই মেসি হেঁটে বেড়ান! মেসি সবসময়ই হাঁটেন।’