প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩ ১০:৫৮ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩ ১১:৪৩ এএম
বুয়েন্স আয়ার্স থেকে ৯০০ কিলোমিটার দূরে দক্ষিণ আটলান্টিকের কোলঘেঁষে গড়ে ওঠা বন্দরনগরী ভিয়েদমাই হচ্ছে জামাল ভূঁইয়ার গন্তব্য। শহরটির ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি সই করে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে ক্লাবটির সঙ্গে তার চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেন। জামালকে এ সময় পরিচয় করিয়ে দেয় আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি। সোল দে মায়োতে জামাল ৬ নম্বর জার্সি পরে খেলবেন।
এ চুক্তি সই করতে জামালকে অবশ্য কম ঝক্কি পোহাতে হয়নি। বছরের শুরুতে সোল দে মায়োর সঙ্গে চুক্তিটা প্রায় হয়েই গিয়েছিল। শেষ মুহূর্তে এসে বাদ সেধেছিল তার ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে এবার ঠিকই সেই আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তি সই করলেন জামাল।
আরও পড়ুন : আর্জেন্টিনাই গন্তব্য জামালের
দোভাষীর সহায়তায় স্প্যানিশ ভাষায় করা প্রশ্নের উত্তরে জামাল বলেন, ‘এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে। অনুসরণ করে। আমি এখানে এসেছি আমার দক্ষতা দেখাতে। আশা করি যদি ভালো খেলি, বাংলাদেশের আরও দু-তিন জন খেলোয়াড় এখানে আসতে পারবে।‘
এর আগে শুক্রবার মেডিকেল পরীক্ষা হয়। সে বিষয়টি তিনি নিজেই প্রকাশ করেন ফেসবুক পাতায়। এক ভিডিওতে দেখা যায় পরীক্ষা চলছে, তার ক্যাপশনে তিনি জানান, ‘নতুন ক্লাবে মেডিকেল পরীক্ষা।’
আর্জেন্টাইন ফুটবলের শতবর্ষ পুরোনো ক্লাব সোল দে মায়ো। তবে বর্তমানে ক্লাবটি খেলছে তৃতীয় বিভাগে।