প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ২৩:২০ পিএম
ইন্টার মিয়ামিকে এক অন্য জায়গায় নিয়ে গেছেন লিওনেল মেসি। মাঠে নামলেই গোল করছেন, সতীর্থকে দিয়ে করাচ্ছেন। হারের বৃত্তে ঘুরতে থাকা দলকে ভাসাচ্ছেন জয়ের আনন্দে। সেই ভেলায় ভেসে ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে ফ্লোরিডার ক্লাবটি।
আরও পড়ুন : সৌদিতে নেইমারের নতুন চ্যালেঞ্জ
বুধবার লিগস কাপের সেমিতে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটির বিপক্ষে মিয়ামির হয়ে গোল করেছেন মেসি, জর্দি আলবা, জোসেফ মার্টিনেজ ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন আলেজান্দ্রো বেদোয়া।
লিগস কাপে আগে কখনও নকআউট পর্বে যেতে না পারা মিয়ামি নিশ্চিত করে ফেলেছে শিরোপার মঞ্চও। ফিলাডেলফিয়া ইউনিয়নকে ধসিয়ে দিতে মেসি করেছেন চোখধাঁধানো গোল। লিগস কাপের ফাইনালে ওঠায় পরের মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলা নিশ্চিতও করেছে মিয়ামি।
তালেন এনার্জি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। ৩ মিনিটে লিডও পায় দলটি। সার্জির বাড়ানো বল থেকে গোল আদায় করে নেন জোসেফ মার্টিনেজ। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলাডেলফিয়া। দুটি ভালো আক্রমণও শানায়। তবে সফল হয়নি। এর মধ্যেই সুযোগ পেয়ে এগিয়ে যান মার্টিনোর শিষ্যরা।
এবার দৃশ্যপটে মেসি। ২০ মিনিটের মাথায় মার্টিনেজের কাছ থেকে বল পেয়েই ডান দিক দিয়ে বাঁ পায়ের লং শটে ব্যবধান ২-০ করেন মিয়ামি অধিনায়ক। মেসির যোগ দেওয়ার আগের ১১ ম্যাচেই ছিল জয়হীন, সেই দলটাই মেসির যোগ দেওয়ার পর জিতেছে টানা ৬ ম্যাচে। নিজেদের লিগে ২২ ম্যাচে ২২ গোল করা দলটি লিগস কাপে করেছে ৬ ম্যাচে ২১ গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলের দেখা পায় মিয়ামি। রবার্ট টেইলরের পাস থেকে গোল করেন জর্দি আলবা। যুক্তরাষ্ট্রে নাম লেখানোর পর এটিই আলবার প্রথম গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টাটা মার্টিনোর দল। বিরতির পর দুই দল সমানতালে লড়তে থাকে। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৩ মিনিটে একটি গোল শোধ করে ফিলাডেলফিয়া। মিয়ামির জালে বল পাঠান আলেজান্দ্রো বেদোয়া।
৮৪ মিনিটে চতুর্থ গোলটির দেখা পায় মিয়ামি। ইয়াদলিনের পাস থেকে গোল আদায় করেন ডেভিড রুইজ। পরে আর কোনো গোল না হওয়ায় প্রথমবারের মতো লিগস কাপের ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে মিয়ামি। ফাইনাল প্রতিপক্ষ নাশভিলের বিপক্ষে ২০ আগস্ট নামবে মেসিদের মিয়ামি।