প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১২:৪০ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৩:০৮ পিএম
ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ‘ফেরিওয়ালা’ বললেও খুব বেশি বলা হবে না ভানিদু হাসারাঙাকে। সাদা বলে দাপুটে ক্রিকেটার ‘আরও বেশি সময় দিতে’ লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন, তাও ছাব্বিশ বছর বয়সেই। শ্রীলঙ্কার অন্যতম স্পিনিং অলরাউন্ডার ২০২০ সালে অভিষেকের পর এখন পর্যন্ত চারটি টেস্টে খেলেছেন। এবং সেখানেই পড়ছে ফুলস্টপ।
শ্রীলঙ্কা ক্রিকেট মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন হাসারাঙা। মূলত ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে তার এমন সিদ্ধান্ত।
আরও পড়ুন:
হাসারাঙা ২০২০ সালে প্রথমবার সাদা পোশাকে লঙ্কানদের হয়ে নামেন। দক্ষিণ আফ্রিকা সফরে সেঞ্চুরিয়নে সেদিন টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন ৫৩ বলে ৫৯ রান। এরপর আরও তিনটি টেস্ট খেলেছেন। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও হাসারাঙা লাল বলের ক্রিকেটকে না করে দিয়েছেন। হাসারাঙার সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। অভিষেকের পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। গত দুই বছর লঙ্কান টেস্ট দলে জায়গাও হয়নি তার।
টেস্ট ক্রিকেটে অনুজ্জ্বল হাসারাঙা রঙিন পোশাকের ক্রিকেটে রঙিন। ৪৮ ওয়ানডেতে তার উইকেট ৬৭টি। ৫ উইকেট নিয়েছেন ৩ বার। ৫৮টি-টোয়েন্টিতে ৯১টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে এনেছেন ২৩.৭৭ গড়ে ৮৩২ রান। টি-টোয়েন্টিতে ৫৩৩ রান করেছেন হাসারাঙা।