লিগস কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ০৯:৩৪ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১৪:১৫ পিএম
লিওনেল মেসি আসতেই যেন আমূল পাল্টে গেল সব। টানা হারতে থাকা দলটির জয়যাত্রা ছুটছে দুর্বার গতিতে। লিগস কাপে কখনও নকআউট পর্বে যেতে না পারা মিয়ামি নিশ্চিত করে ফেলেছে শিরোপার মঞ্চও। ফিলাডেলফিয়া ইউনিয়নকে ধসিয়ে দিতে মেসি করেছেন চোখধাঁধানো গোল।
বুধবার লিগস কাপের সেমিতে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়েছে মিয়ামি। শক্তিসামর্থ্যে এগিয়ে থাকা দলটির বিপক্ষে মিয়ামির হয়ে গোল করেছেন মেসি, জর্দি আলবা, জোসেফ মার্টিনেজ ও ডেভিড রুইজ। ফিলাডেলফিয়ার একমাত্র গোলটি করেছেন আলেজান্দ্রো বেদোয়া।
তালেন এনার্জি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় মিয়ামি। ৩ মিনিটে লিডও পায় দলটি। সার্জির বাড়ানো বল থেকে গোল আদায় করে নেন জোসেফ মার্টিনেজ। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলডেলফিয়া। দুটি ভালো আক্রমণও শানায়। তবে সফল হয়নি। এর মাঝেই সুযোগ পেয়ে এগিয়ে যায় মার্টিনোর শিষ্যরা। এবার দৃশ্যপটে মেসি। ২০ মিনিটের মাথায় মার্টিনেজের কাছ থেকে বল পেয়েই ডান দিক দিয়ে বাঁ পায়ের লং শটে ব্যবধান ২-০ করেন মিয়ামি অধিনায়ক।
GOL numero 9️⃣ para nuestro ????#PHIvMIA | 0-2 pic.twitter.com/W6w0Th4pzZ
— Inter Miami CF (@InterMiamiCF) August 15, 2023
আরও পড়ুন:
প্রথমার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলের দেখা পায় মিয়ামি। রবার্ট টেইলরের পাস থেকে গোল করেন জর্দি আলবা। যুক্তরাষ্ট্রে নাম লেখানোর পর এটিই আলবার প্রথম গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জেরার্ড মার্টিনোর দল।
বিরতির পর দুই দল সমানতালে লড়তে থাকে। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৩ মিনিটে ১টি গোল শোধ করে ফিলাডেলফিয়া। মিয়ামির জালে বল পাঠান আলেজান্দ্রো বেদোয়া। ৮৪ মিনিটে চতুর্থ গোলটির দেখা পায় মিয়ামি। ইয়াদলিনের পাস থেকে গোল আদায় করেন ডেভিড রুইজ। পরে আর কোনো গোল না হওয়ায় প্রথমাবারের মতো লিগ কাপের ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে মিয়ামি। ফাইনালে মিয়ামির প্রতিপক্ষ মন্টেরে ও নাশভিলের মধ্যে যেকোনো এক দল।