প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৫:৩০ পিএম
ইতিহাস থেকে বসুন্ধরা কিংস আর মাত্র এক দিনের দূরত্বে দাঁড়িয়ে। আগামীকালই কোচ অস্কার ব্রুজনের দল খেলবে শারজাহ এফসির বিপক্ষে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোনো পর্যায়েই যে বাংলাদেশের কোনো দল খেলেনি কখনও, এ শৃঙ্ঘে বসুন্ধরাই প্রথম।
দলের সামনে যখন এমন ইতিহাস, তখন সে দলটা নিজেদের প্রস্তুত করতে লড়ছে বেশ মনোযোগ দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর ছোট্ট একটা ছুটি ছিল। এরপরই কিংস নেমে পড়েছিল অনুশীলনে। দীর্ঘ প্রস্তুতি পর্ব শেষে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে গত ১২ আগস্ট। এরপর কোনো সময়ক্ষেপণ না করেই নেমে পড়েছে অনুশীলনে।
প্রথম দিনে সফরকারী দলগুলোকে সাধারণত বিশ্রাম নিতে দেখা যায়। বসুন্ধরা সে পথে হাঁটেনি। হালকা জিম সেশনেই অবশ্য শেষ হয়েছে বসুন্ধরার প্রথম দিনের অনুশীলন পর্ব, সঙ্গে একটু সাঁতার সেশন।
বসুন্ধরা পুরো দমে অনুশীলনে নেমেছে গতকাল রবিবার। আমিরাতে পা রাখার ৩৬ ঘণ্টা পরই। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এ অনুশীলন সারেন তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিনরা। গতকাল দিনে শারজাহর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। সে তাপ এড়াতেই মূলত অনুশীলন সেশনটাকে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যার দিকে।
আরও পড়ুন:
অনুশীলনে এমন মনোযোগী হওয়ার কারণটা বেশ পরিষ্কার। প্রতিপক্ষ শারজাহ এফসি যে বেশ শক্তিশালী! কোচ অস্কার ব্রুজন দেশ ছাড়ার আগেই জানিয়ে গিয়েছিলেন প্রতিপক্ষের শক্তিসামর্থ্য নিয়ে। বলেছিলেন, ‘শারজাহ বেশ শক্তিশালী দল। তাদের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ইতিহাসটা বেশ সমৃদ্ধ। তাদের দলেও বেশ ভালো কিছু খেলোয়াড় আছে।’
কারা আছে সে দলে, সেটা দেখে নেওয়া যাক বরং। দলের বিদেশিদের তালিকাটা দেখুন– মিরালেম পিয়ানিচ, পাকো আলকাসের, কস্তাস মানোলাস। বসনিয়ান মিডফিল্ডার পিয়ানিচ আর স্প্যানিশ ফরোয়ার্ড আলকাসের একটা সময় খেলেছেন লিওনেল মেসির বার্সেলোনায়। মানোলাসের সঙ্গেও জড়িয়ে আছে বার্সেলোনার নাম। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে বার্সার বিখ্যাত হারের শেষ গোলটা যে করেছিলেন এই মানোলাসই। তারা তো আছেনই, সঙ্গে আরও পাঁচ বিদেশি নিয়ে তালিকাটা বেশ সমৃদ্ধ।
চ্যাম্পিয়ন্স লিগে দলের ইতিহাসটাও বেশ ভালো, অন্তত বসুন্ধরার তুলনায়। এ পর্যন্ত পাঁচবার শারজাহ খেলেছে চ্যাম্পিয়ন্স লিগে, দুবার খেলেছে নকআউটে; সবশেষ এই ২০২১ সালেই খেলেছিল শেষ ষোলতে। অন্যদিকে বসুন্ধরা তো বটেই, বাংলাদেশেরই কোনো দল চ্যাম্পিয়ন্স লিগে খেলছে এবারই প্রথম।
দুই দলের শক্তিসামর্থ্য, ইতিহাসের এতটা ফারাক স্পষ্টই বসুন্ধরাকে রাখছে পিছিয়ে, পরিষ্কার ফেভারিট শারজাহই। তবে এখানে কোচ অস্কার একটা সুযোগও দেখছেন। তার অভিমত, ফেভারিট না হওয়ায় বসুন্ধরাকে প্রাপ্য সম্মানটা না দিলে একটা সুযোগ তৈরি হয়েই যায়।
‘তাদের রক্ষণে একটু দুর্বলতা আছে, দেখছি আমরা। এর সুযোগটাই নেওয়ার চেষ্টা করব আমরা’
সেটা করতে হলে মাঠের লড়াইয়ে তো লড়তে হবে ঠিকঠাক! তার ছকটাও ছকে ফেলেছেন কোচ অস্কার। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘৪-৩-৩ ছক নিয়ে ওরা প্রতিপক্ষের অর্ধে গিয়ে খেলা নিয়ন্ত্রণ করে। পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় তাদের আছে বেশ, সেটা প্রতিটা জায়গাতেই।’
প্রতিপক্ষের শক্তির সঙ্গে সঙ্গে দুর্বলতাও দেখছেন কোচ অস্কার। তার কথা, ‘তাদের রক্ষণে একটু দুর্বলতা আছে, দেখছি আমরা। এর সুযোগটাই নেওয়ার চেষ্টা করব আমরা।’
আগামীকাল রাত ৯টা ৪৫ মিনিটে শারজাহ এফসির মাঠ শারজাহ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই বাধা টপকাতে পারলে আরও এক প্লে অফ খেলতে হবে বসুন্ধরাকে। সে ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইরানি ক্লাব ট্রাক্টর এফসি।