প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩ ১৩:৩৬ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩ ১৩:৫২ পিএম
মোইসেস কাইসেদোকে বেঁকে না বসলে চেলসির জায়গায় লিভারপুলের নাম লেখা হতো। সৌদি প্রো লিগে হেন্ডারসন ও ফাবিনহো চলে যাওয়ার পর মিডফিল্ডে একজনকে বড্ড প্রয়োজন ছিল অলরেডদের। সেই লক্ষ্যে ব্রাইটনের সঙ্গে কথাবার্তাও পাকা করে ফেলে। সবকিছু যখন ঠিকঠাক, চুক্তির আনুষ্ঠানিকতা বাকি এমন সময় বেঁকে বসে খোদ কাইসেদো। লিভারপুল নয়, তিনি নাম লেখাতে চান চেলসিতে।
অবশ্য কাইসেদোকে পেতে লিভারপুলের মতো চেলসিও উঠেপড়ে লেগেছিল। কিন্তু ব্লুজদের ক্ষেত্রে বাদ সেধেছিল ব্রাইটন। স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কাইসেদোর ক্লাব। কাড়াকাড়ির অবসান ঘটার পর, শেষ পর্যন্ত ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ গড়ে ২১ বর্ষী কাইসেদোকে দলে টানতে যাচ্ছে চেলসি। আজকের ভেতর স্বাস্থ্য পরীক্ষা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে চেলসি।
আরও পড়ুন:
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে কাইসেদোকে পেতে ১১ কোটি ৫০ লাখ পাউন্ড খরচ করবে চেলসি। ট্রান্সফার ফির নতুন ব্রিটিশ রেকর্ড এটি। এর আগে লিভারপুল ১১ কোটি ১০ লাখ পাউন্ড বিড করেছিল। সেটি হলেও ট্রান্সফার ফির নতুন রেকর্ড হতো। কাইসেদোর চাওয়ায় সেটি না হলেও ইকুয়েডরের এই মিডফিল্ডার রেকর্ড ঠিকই গড়লেন। আগের রেকর্ডটিও ছিল চেলসির। ১০৬ মিলিয়ন পাউন্ড খরচ করে বেনফিকা থেকে এনজো ফার্নান্দেজকে এনেছিল ব্লুজরা।
২০২১ সালে ব্রাইটনে যোগ দেন কাইসেদো। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেন তিনি। প্রিমিয়ার লিগে দলের ষষ্ঠ হওয়ায় রাখেন বড় অবদান। এতে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেয় ব্রাইটন। গত মার্চে ২০২৭ সাল পর্যন্ত ব্রাইটনের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়িয়েছিলেন তিনি। এখন তিনি চেলসির খেলোয়াড়।