× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিপিএসের অভিষেক

ভালো হয়নি অনুশীলন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ০৭:৪২ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ০৭:৪৩ এএম

 ভালো হয়নি অনুশীলন

দল ঘোষণার পর বেলা ১১টায় অনুশীলনে নামার কথা ছিল বাংলাদেশ দলের। বৃষ্টি-বাধায় ঘণ্টাখানেক পর মাঠে নামে পুরো দল। তবে অন্যদিনের মতো কোনো অনুশীলন সেশন ছিল না এটা। মাঠে ম্যাচ সিনারিও অনুশীলন করেন ক্রিকেটাররা। অনুশীলনে সবার আগে নজরে পড়ে ক্রিকেটারদের জিপিএস ট্র্যাকিং স্যুট পরে মাঠে নামাটা।

আরও পড়ুন : রোনালদোর জোড়া গোলে আরব কাপ জিতে আল নাসরের ইতিহাস

মূলত ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কিত তথ্যগুলো দ্রুততম সময়ে পাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে এই জিপিএস ট্র্যাকিং টেকনোলজি। শুধু টেকনোলজি ব্যবহার করেই সন্তুষ্ট ছিল না বিসিবি, মাঠে রাখা হয়েছিল একজন বিশেষজ্ঞকেও।

বিসিবি ক্রিকেটারদের জন্য এই জিপিএস ট্র্যাকিং স্যুট এনেছে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান ক্যাটাপল্ট স্পোর্টস থেকে। যেখান থেকে নিজ দলের খেলোয়াড়দের জন্য এই জিপিএস ট্র্যাকিং সিস্টেম নিয়ে ব্যবহার করে ফুটবল দল ব্রাজিল-রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ক্রিকেটে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোর ভরসাও এই ক্যাটাপল্ট স্পোর্টস। নজরকাড়া এই ট্র্যাকিং স্যুটের বাইরে নিজেদের পারফরম্যান্সে নজর কাড়েন ক্রিকেটাররাও।

বিশেষ করে শামীম পাটোয়ারী ও আফিফ হোসেন। ৭ নম্বর পজিশনের জন্য লড়াইয়ে থাকা এ দুই ক্রিকেটার ব্যাটিং করেছেন নিজেদের সর্বোচ্চটুকু নিয়ে। এ ছাড়া প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিমকেও ব্যাট হাতে মনে হয়েছে বেশ আত্মবিশ্বাসী। ব্যাটিংয়ে আশা দেখানোর দিনে হতাশ করেন বোলাররা। ইনজুরির কারণে এশিয়া কাপের দলে থাকলেও অনুশীলনে ছিলেন না ইবাদত হোসেন।

ম্যাচ সিনারিও এই অনুশীলনে ছিলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদিরাও বল করেন। তাদেরকে বেশ সহজে মোকাবিলা করেন ব্যাটাররা। ফলে এটা স্পষ্ট, বোলিং অনুশীলন মোটেও মনমতো হয়নি বাংলাদেশের। ব্যাটিংয়ে মেহেদি হাসান মিরাজ ও শেখ মাহেদিকে কিছুটা ভুগতেও দেখা গেছে। ‘ভাড়া’ করা রিস্ট স্পিনার জিয়াস কারাপ্পাকে উড়িয়ে মারতে গিয়ে ম্যাচ সিনারিও অনুশীলনে আউট হন এ দুই ক্রিকেটার।

গতকাল তিন দফায় ব্যাটিং ও বোলিং অনুশীলন করে বাংলাদেশ দল। প্রথম দফায় টপ অর্ডারের বিবেচনায় থাকা তানজিদ হাসান তামিম, নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তকে ব্যাটিং দেখা যায়। পরের দফায় মিডল অর্ডারের বিবেচনায় থাকা মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারী ও আফিফ হোসেন ধ্রুব। শেষ দফায় ব্যাটিং করেন শেখ মাহেদি, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

গতকাল এশিয়া কাপের পূর্ণাঙ্গ অনুশীলনের প্রথম দিনে মিরপুরে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। সাকিব আল হাসান, শরিফুল ইসলাম শ্রীলঙ্কায় আছেন এলপিএল খেলতে। গতকালই এলপিএলে সাকিবের দল গল গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে দেশ ছাড়েন লিটন দাস। এ ছাড়া ছিলেন না পেসার ইবাদত হোসেন। আফগানিস্তান সিরিজে পাওয়া ইনজুরির কারণে তাকে দেখা যায়নি ম্যাচ সিনারিও অনুশীলনে।

একাডেমি মাঠে রিহ্যাব কার্যক্রম চালিয়ে গেছেন এই ডানহাতি পেসার। এলপিএল ফেরত তাওহিদ হৃদয়ও ছিলেন না গতকালের ওই অনুশীলনে। ফলে এশিয়া কাপের চূড়ান্ত দলে থাকা ৫ ক্রিকেটারকে ছাড়াই শুরু হয় বাংলাদেশ দলের এশিয়া কাপ প্রস্তুতি। দলে না থাকলেও গতকালের ম্যাচ সিনারিও অনুশীলনে ছিলেন সাইফ হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও রিশাদ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা