প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ০১:১০ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম
খেলার যখন ১৬ মিনিটের মত বাকি, ইতিহাস গড়া থেকে তখনও যোজন পিছিয়ে আল নাসর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে তখন অনেকটা একাই লড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল হিলালের বিপক্ষে প্রথমে দলকে ফেরালেন সমতায়, এরপর আনলেন জয়সূচক গোল। প্রতিযোগিতার ৪২ বছরের ইতিহাসে প্রথমবার শিরোপাও জিতল রিয়াদের ক্লাবটি।
এক গোলে পিছিয়ে থেকে খাদের কিনারে থাকা দলকে টেনে তুললেন সেই রোনালদোই। এক গোল করে দলকে ফেরালেন সমতায়। এরপর যখন খেলাটা গড়াল যোগ করা অতিরিক্ত সময়ে, তখন করলেন আরও এক গোল। সে দুই গোলে ভর করেই আল হিলালকে ২-১ গোলে হারায় আল নাসর। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জেতে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ট্রফি।
শুরুটা অবশ্য এমন কিছুর পূর্বাভাস দিচ্ছিল না। গোলশূন্য প্রথমার্ধের পর আল নাসরের দুর্দশার শুরু। ৫১ মিনিটে গোল করে বসেন আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেল। এর মিনিট বিশেক পর আল নাসরকে ১০ জনের দলে পরিণত করে যখন মাঠ ছাড়ছেন আবদুলেলাহ আল আমরি, তখন দুর্দশাটা বাড়ল আরও।
মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল আশা সঞ্চার করল বটে, কিন্তু মিনিট চারেক পর তা উবে গেল নাওয়াফ বুশালও লাল কার্ড দেখে বসলে। তবু খেলাটা হাত ফসকে যেতে দেয়নি আল নাসর। এরপর অতিরিক্ত সময়ে রোনালদোর ওই গোল।
তাতেই শিরোপাটা নিশ্চিত করে ফেলে আল নাসর। ইতিহাসও গড়ে ফেলে সঙ্গে সঙ্গে। এই জয়টা আল নাসরের জন্য আরও এক কারণেও বিশেষ হয়ে যেতে পারে, রোনালদোর জন্যও। এই শিরোপা যে সৌদি জীবনে রোনালদোরও প্রথম। বিশেষ তো হওয়ারই কথা।