প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২০:৩৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২০:৪১ পিএম
দিনের প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথমবারের মতো পৌঁছে গেছে তারা নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে। টুর্নামেন্টের সহআয়োজক অস্ট্রেলিয়ার পর শেষ চারের টিকিট কেটেছে ইংল্যান্ডও। কোয়ার্টার ফাইনালে ইংলিশ কন্যারা ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
আরও পড়ুন - ফরাসি কন্যাদের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়া
ভয়ানক ফর্মে থাকা কলম্বিয়া ম্যাচে এগিয়ে গিয়েছিল আগে। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে দক্ষিণ আমেরিকার দলটিকে উচ্ছ্বাসে ভাসান লেইসি স্যান্টোস।
তবে সমতায় ফিরতে সময় নেয়নি ইংল্যান্ড। সাত মিনিট বাদে (ইনজুরি টাইমে) স্কোর লেভেল করেন লরেন হেম্প। পরে ম্যাচের বয়স এক ঘণ্টা পেরিয়ে ৩ মিনিট হতেই ইংল্যান্ডকে জয়সূচক গোল উপহার দেন অ্যালেসিয়া রুসো।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও ২০১৫ সালে জাপানের কাছে হারের পর নারী বিশ্বকাপে এ নিয়ে টানা তিনবার সেমিফাইনালে উঠল ইংল্যান্ডের কন্যারা।
ইংল্যান্ড শেষ চারে খেলবে ১৬ আগস্ট। সিডনির সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।