প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১২:০৮ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগে জিততেই যেন ভুলে গেছে গল টাইটানস। হারের বৃত্তে আটকে আছেন সাকিব আল হাসানরা। বল হাতে ভালো করলেও সাকিবও খুঁজে পাচ্ছেন না ব্যাটিংয়ের ছন্দ। গতকাল ডাম্বুলা অরার কাছে বাজে ব্যাটিং প্রদর্শনীর দিনে ৭ উইকেটে হেরেছে গল। তাতে টানা চার ম্যাচ হারলেন সাকিবরা।
ডাম্বুলার সঙ্গে প্রথম দেখায় সুপার ওভারে জয় পেয়েছিল গল। দ্বিতীয় দেখায় প্রতিশোধ নিল ডাম্বুলা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয় তুলে ডাম্বুলা চেপে বসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা চার হারে টেবিলে সবার শেষে সাকিবের দল। দুটি ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।
আগের দুই ম্যাচের মতোই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। ডাম্বুলার বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ১৩ বলে ১ চারে ১৩ রান। তাতে দলও বেশিদূর এগোতে পারেনি, ৯ উইকেটে ১৩৩ রানে থামে। গলের দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ৭ উইকেটে জয় পায় ডাম্বুলা।
আরও পড়ুন :
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সাকিব করেছেন ৮৩ রান। ১২০.২৮ স্ট্রাইক রেটে গড় মাত্র ১৬.৬০। ব্যাট হাতে সর্বোচ্চ ইনিংস ৩০ রানের। বিবর্ণ ব্যাটিং ফর্মের সময় অবশ্য বল হাতে দাপট দেখিয়েছেন, গলের দ্বিতীয় সেরা বোলারও তিনি। পাঁচ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। ১০ রান খরচায় ২ উইকেট তার সর্বোচ্চ অর্জন।
ছোট লক্ষ্যে ধীরস্থির শুরু করেছিল ডাম্বুলা। ৪৭ বলে ৪৭ রানের জুটি গড়েন দুই ওপেনার মেন্ডিস ও আভিস্কা। ২৪ বলে ১৮ রান করা মেন্ডিসকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন লাহিরু কুমারা। দ্বিতীয় উইকেটে ২৫ বলে ৩৬ রানের জুটি গড়েছেন আভিস্কা ও সামারাবিক্রমা। এরপর খুব বেশি সাফল্য পেতে দেননি ডাম্বুলার ব্যাটাররা। ১৭.৪ ওভারে জয় নিশ্চিত করে ডাম্বুলা। ৪৯ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন আভিস্কা। ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।