প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ০৯:৩৮ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩ ১১:৩৮ এএম
লিওনেল মেসি জার্সি গায়ে চড়ানোর আগে টানা ১১ ম্যাচ জয়হীন ছিল ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন মহাতারকার ছোঁয়ায় আমূল পাল্টে গেছে দলটি। ভোরে লিগস কাপে শার্লট এফসিকে গুঁড়িয়ে দিয়ে কেটেছে সেমিফাইনালের টিকিট। গোল পেয়েছেন মেসিও।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার শেষ চারে ওঠার লড়াইয়ে শার্লটকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। ১৫ আগস্ট ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে মেসিরা।
ঘরের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণের পসরা সাজিয়েছে মিয়ামি। সাফল্যও পেয়েছেন মেসিরা। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টাটা মার্টিনোর দল। দ্বিতীয়ার্ধে আসে আরও ২ গোল। মেসির গোলটি আসে একদম শেষের দিকে।
আরও পড়ুন :
ম্যাচের ৮৬ মিনিটে মেসি দুর্দান্ত গোলটি করলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ সময়ে ফ্রি-কিক গোলে দলকে জিতিয়েছিলেন। এরপর টানা তিন ম্যাচে গোল করেন ২টি করে। এবারের গোলটি নিয়ে পাঁচ ম্যাচে মেসির গোল হলো ৮টি, পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১টি।
এর আগে খেলার ১২ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে নেন জোসেফ মার্টিনেজ। এরপর ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেলর। ৭৮ মিনিটে শার্লটের ২১ বর্ষী ফরাসি ডিফেন্ডার বল সেভ করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়ান। তুলির সবশেষ আঁচড় টানেন মেসি।