প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ০০:৫১ এএম
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে গত বছর নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান ট্রেন্ট বোল্ট। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও জাতীয় দলের হয়ে আর মাঠে দেখা যায়নি তাকে। তাই শঙ্কা ছিল ভারত বিশ্বকাপে বোল্টকে পাওয়া নিয়ে।
আরও পড়ুন : ১৪০ রুপিতে ঘরে বসে বিশ্বকাপ টিকিট
শঙ্কা দূর করে বোল্ট জানিয়েছেন, আসন্ন ইংল্যান্ড সফর ও ভারত বিশ্বকাপের দলে থাকছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন দেশের প্রতিনিধিত্ব করার জন্য আগের মতোই ক্ষুধার্ত তিনি।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া কিউইদের চার ম্যাচের ওয়ানডে দলে জায়গা হয়েছে বোল্টের। তবে দীর্ঘদিন জাতীয় দলে না খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলায় প্রশ্ন ছিল জাতীয় দল তাকে আগের মতো টানে কি না।
উত্তরে বোল্ট বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করার জন্য আমি অবশ্যই আগের মতোই ক্ষুধার্ত। আশা করি আগামী কয়েক মাসে ছেলেদের সঙ্গে বিশেষ কিছু করব। প্রত্যাবর্তন করতে পেরে ভালো লাগছে। আমি সত্যিই উত্তেজিত। মাত্র এক বছরেরও বেশি সময় আগে নিউজিল্যান্ড ক্রিকেটের চুক্তি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমি কখনোই চাইনি এটি নিউজিল্যান্ড বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। আমি শুধু একজন বোলার হিসেবে আমার ক্যারিয়ার দীর্ঘ করতে চেষ্টা করেছি।’