প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২১:২৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৩:১৩ পিএম
বাবর আজমে মজেছেন রমিজ রাজা। পাকিস্তানের বর্তমান অধিনায়কের ব্যাটিংয়ে এতটাই মুগ্ধ হয়েছেন সাবেক অধিনায়ক ও পিসিবি বোর্ডপ্রধান, পারলে বিয়েটাই করে ফেলতে চান। রমিজের হাস্যরস ছড়ানো কথাটি এসেছে বাবরের প্রশংসায় মেতে ওঠার পর। তবে বাবর কি ভেবেছেন শ্রীলঙ্কায় এমন একটা বিয়ের প্রস্তাব পেয়ে বসবেন!
শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন পাকিস্তানের অধিনায়ক। সেখানেই ধারাবিবরণীর কক্ষে বসেছেন রমিজ। সাকিব আল হাসানদের গল টাইটান্সের বিপক্ষে বাবর হাঁকিয়েছেন সেঞ্চুরি, গেইলের পেছনে বসেছেন ১০টি টি-টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়ে। বাবরের নজির গড়া সেঞ্চুরি দেখার পথে প্রশংসায় ভাসিয়েছিলেন রাজা—’নিরাপত্তা, ক্লাস, মান, শান্ত থাকা—এমন পরিস্থিতিতে বাবর আপনার সেই লোক, যিনি ইনিংসকে টেনে নিতে পারবেন।’
আরও পড়ুন: মরক্কোর বিপক্ষে হাওয়াতেই উড়েছে লে ব্লুসরা
রাজার কথায় তখন বাধা দেন পাশে থাকা আরেক ধারাভাষ্যকার। আর কী কী বিশেষণ বাবর প্রাপ্য—এমন প্রশ্নে রাজা বলেন, ‘আমি স্রেফ তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই।’ রমিজের এমন মন্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওটি হাস্যরসের খোরাক জমিয়েছে বেশ।