প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:০০ পিএম
শক্তিশালী ফ্রান্সের সামনে সুযোগ করতে পেরে ওঠেনি মরক্কো— টুইটার
কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কো অস্ট্রেলিয়াতেও লিখেছে ইতিহাস। আটলাস পর্বতের দেশটির যাত্রা দুবারই থামিয়ে দিয়েছে ফ্রান্স। পুরুষদের বিশ্বকাপে শেষ চারের পর নারীদের শেষ ষোলোতে আটকে দিয়েছে ফরাসিরা। হার্ভে রেনার্ডের দল ৪-০ গোলের বড় জয়ে কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। ফরাসিরা পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে।
অ্যাডিলেডের হিন্ডমার্স স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে রীতিমত তাণ্ডব চালিয়েছেন ওয়েন্দি রেনার্ড-লে সোমেররা। শেষ ষোলোর শেষদিনের খেলায় আরেক ম্যাচে জ্যামাইকার বিপক্ষে কষ্টার্জিত জয় তুলেছে কলম্বিয়া। আগামী পরুশ থেকে শুরু হবে শেষ চারে ওঠার লড়াই। শেষ ষোলোর পর্ব শেষে নিশ্চিত হয়েছে শেষ আটের আটটি দল।
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ খেলতে এসে মরক্কোর মেয়েরা থেমেছেন নক আউট পর্বে, মরক্কোর পুরুষ ফুটবলারদের সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে নারী ফুটবলাররাও গড়েছে কীর্তি। প্রথমবারের মতো নারী বিশ্বকাপ খেলতে এসে খেলেছে নক-আউট পর্বে। শেষ ষোলোতে শক্তিশালী ফ্রান্সের কাছে অবশ্য পাত্তা পায়নি মরক্কো। বল দখল, গোলে শট কিংবা আক্রমণের দাপট দেখানো ম্যাচে ২০টি শটের পাঁচটি লক্ষ্যে রেখেছিল দিয়ানিরা। বিপরীতে মরক্কো রাখতে পেরেছে মোটে একটি শট, তাও রাখতে পারেনি টার্গেটে। দলও হেরেছে বড় ব্যবধানে।
মরক্কোর বিপক্ষে হাওয়াতেই উড়েছে লে ব্লুসরা— টুইটার
আক্রমণের পসরা সাজানো ম্যাচে ১৫ মিনিটে প্রথম লিড নেয় ফ্রান্স। পরের আট মিনিটের মাঝে খেলার হাল নিজেদের দিকে টেনে দেন ফ্রেঞ্চরা, ৩-০ গোলে এগিয়ে থাকা ফ্রান্স ৭০ মিনিটে পায় চতুর্থ গোল। সেমিফাইনালে উঠতে ফ্রান্সের সামনে বাধা হয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১২ তারিখ সানক্রপ স্টেডিয়ামে বসবে তাদের লড়াই।
মঙ্গলবার অন্য খেলায় জ্যামাইকাকে থামিয়ে শেষ আট নিশ্চিত করেছে কলম্বিয়া। বিশ্বকাপের আগের পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা, ২০১১ সালে বৈশ্বিক আসরে প্রথমবার খেলতে আসা কলম্বিয়ানরা গ্রুপপর্বের পর শেষ ষোলোতে উঠেছিল পরের আসরে। এবার এক আসর পর ১-০ গোলের জয়ে প্রথমবারের মত নকআউটের প্রথম ধাপ পেরোল কলম্বিয়ার মেয়েরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।