প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২০:৩৫ পিএম
জুলাই মাসের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচনায় ছিল অ্যাশেজ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দুজন খেলোয়াড় জায়গা পেয়েছেন আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায়। মনোনয়নে থাকা দুজনই ইংলিশ— জ্যাক ক্রলি ও ক্রিস ওকস। মনোনয়ন পাওয়া তৃতীয়জন হলেন নেদারল্যান্ডসের ক্রিকেটার বাস ডি লিড।
সোমবার (৭ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বিচারে মনোনয়ন পেয়েছেন দুই দেশের এই তিন তারকা।
আরও পড়ুন:
অ্যাশেজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মাসসেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রলি। ওল্ড ট্রাফোর্ডে ১৮২ বলে খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। জুলাই মাসে ৫৮.৮৫ গড়ে ৪১২ রান করেছেন ক্রলি। অন্যদিকে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে সুযোগ না হলেও ক্রিস ওকস উজ্জ্বল ছিলেন বাকি তিন ম্যাচে। মাত্র তিন ম্যাচ খেলেই সিরিজসেরাও হয়েছেন এ ইংলিশ পেসার।
আইসিসির তালিকায় অ্যাশেজের মাসে জায়গা পেয়েছেন ডাচ অলরাউন্ডার ডি লিড। অনেকটা একাই নেদারল্যান্ডসকে বিশ্বকাপের মূলপর্বে টেনে তুলেছেন বাস ডি লিড। গড়েছিলেন একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের রেকর্ড। যা ছিল কেবল ভিভ রিচার্ডস, পল কলিংউড, রোহান মুস্তাফা ও অ্যামেলিয়া কেরের। যা দুই ইংলিশ ম্যানের সঙ্গে মাসসেরা হওয়ার দৌড়ে খানিকটা এগিয়েও রেখেছে লিডকে।