প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২১:০৫ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২১:০৬ পিএম
ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ছিল আজ। এ উপলক্ষে আবাহনী ক্লাবে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠান শেষে নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন - কোয়ার্টার ফাইনালে জাপানের দুরন্ত কন্যারা
বোর্ডপ্রধান গণমাধ্যমকে জানান, বিশ্বকাপ সামনে রেখে ক্যাপ্টেন হিসেবে এখন বিসিবির সেরা পছন্দ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান- ‘ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক কে হবে, সেটা নিয়ে বোর্ডে আলোচনা হচ্ছে। তবে আমাদের প্রথম পছন্দ সাকিব আল হাসান। এখনও সিদ্ধান্ত নিইনি আমরা। তিন-চার দিন পর বোর্ড মিটিংয়ে বসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব।’
ওয়ানডে অধিনায়ক হওয়ার লড়াইয়ে আছে লিটন দাসের নামও। তবে বৈশ্বিক আসর সামনে রেখে সাকিবের ওপরই ভরসা রাখতে চায় বিসিবি। কারণ হিসেবে পাপন জানান, বিশ্বকাপের চাপ সামাল দেওয়া লিটনের জন্য কঠিন হবে। অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ের ওপর প্রভাব পড়তে পারে। তার চেয়ে বড় কথা, বোর্ড দীর্ঘ সময়ের জন্য অধিনায়কের কথা ভাবছে।
পিঠের ইনজুরির কারণে ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপে খেলছেন না দেশসেরা এ ওপেনার। নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে খেললেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন না তামিম। এজন্য নতুন দলনেতার খোঁজে এখন ব্যস্ত বিসিবি।