প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১১:০৪ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১২:০০ পিএম
মারকাটারি টি-টোয়েন্টির দেখা মেলেনি ব্রাম্পটনে। মন্থর পিচে বড় সংগ্রহও আনতে পারেনি সারে জাগুয়ার্স। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাসও। কিন্তু সরাসরি ফাইনাল নিশ্চিতের খেলায় খেই হারিয়েছে ভ্যাঙ্কুভার নাইটসও। ছোট লক্ষ্যে হেরেই তাই শিরোপার মঞ্চের অপেক্ষায় থাকছে তারা।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস হেরে শুরু থেকেই ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছিল সারে। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেও নিয়েছিল। কিন্তু তার পরই খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৩৯ রানের বেশি তারা করতে পারেনি। জবাবে কোনোমতে ১০০ রান পেরিয়ে সারের থেকে ৩৮ রান পেছনে থাকে নাইটসরা।
সারের হয়ে শুক্রবার দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এ ছাড়া আয়ান খান ২৯ রান করেন। লিটন নিজেকে মেলে ধরতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান। নাইটসের হয়ে জুনাইদ সিদ্দিক সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। রুবেন ট্রাম্পেলমেন ও কার্তিক মায়াপ্পান ২টি করে উইকেট নিয়েছেন।
আরও পড়ুন :
রান তাড়ায় নাইটস গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। ভ্যাঙ্কুভার পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই হারায় ৪ উইকেট, স্কোরবোর্ডে তখনও তাদের ৩১ রান। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে কেবল ফ্যাবিয়ান অ্যালেন (২৭) প্রতিরোধ গড়েছিলেন। ১৭তম ওভারে ১০১ রানে অলআউট হয় ভ্যাঙ্কুভার। প্রথম ২ ওভারে ২টি উইকেট নেওয়া ম্যাথু ফোর্ড দ্বিতীয় স্পেলে জোড়া আঘাতে প্রতিপক্ষকে গুটিয়ে দেন। ১৭তম ওভারে পরপর দুই ব্যাটারকে ফেরান তিনি। ২.৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন ফোর্ড, হয়েছেন ম্যাচের সেরাও।
৬ আগস্ট বসবে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি শিরোপা নির্ধারণের মঞ্চ। দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াই শেষে সারের প্রতিপক্ষ চূড়ান্ত হবে। হেরেও ভ্যাঙ্কুভারের আশা শেষ হয়ে যায়নি। তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে ম্যাচজয়ী মন্ট্রিয়েল টাইগার্সদের সঙ্গে, জয়ী দল হবে লিটনদের শিরোপার প্রতিপক্ষ।