প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১১:২২ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১১:২৬ এএম
আগের ম্যাচেই ব্যাট হাতে ম্যাচসেরা ইনিংস খেলে দল সারে জাগুয়ার্সকে জয় এনে দিয়েছিলেন লিটন দাস। এ ম্যাচে অবশ্য তা করে দেখাতে পারেননি। তবে ঠিকই মুগ্ধতা ছড়িয়েছেন গ্লাভস হাতে। স্টাম্পের পেছনে দাঁড়িয়ে মিসিসসাগা প্যান্থার্সের অধিনায়ক শোয়েব মালিক ও উসমান কাদিরকে রানআউট করেছেন তিনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে গ্লাভস হাতে লিটনের আলো ছড়ানোর দিনে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে প্যান্থার্স। জবাবে ৬৬ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় তুলেছে লিটনের সারে।
আরও পড়ুন :
এদিন আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি প্যান্থার্সের কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ রান আসে শ্রেয়াস মোভভার ব্যাট থেকে। ১৪ বলে ১৭ রান করেন তিনি। বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ১৪.৩ ওভারে ৫৬ রান তুলে গুটিয়ে যায় শোয়েবের দল। সারের হয়ে বল হাতে ৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন সন্দীপ লামিচানে। ২টি করে উইকেট নিয়েছেন ম্যাথিউ ফ্রড ও ইফতিখার আহমেদ।
ছোট লক্ষ্যে ভালো শুরু পায়নি সারে। ৯ বলে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরতে হয় ওপেনার যতীন্দ্র সিংককে। ৩ নম্বরে নেমে মোহাম্মদ হারিসকে সঙ্গ দিচ্ছিলেন লিটন। তবে দলকে জেতাতে পারেননি তিনি। ১৩ বল থেকে ২ চারে ১০ রান করে সাজঘরে ফিরতে হয়। এরপর অবশ্য আর কোনো ভুল করেনি সারে। অধিনায়ক ইফতেখারকে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হারিস। ২৩ বলে ৩৭ রান আসে এই ব্যাটারের কাছ থেকে।