প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২৩:৩২ পিএম
সামনেই বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সফরটা তাই হয়ে উঠেছে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ। যুজবেন্দ্র চাহালের পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ করে দেওয়া হয়েছিল কুলদীপ যাদবকে। নজরটা নিজের দিকে টানতে ভুল করেননি তিনি।
আরও পড়ুন : ফাইনালে মুশফিকের দল
৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন। তার ঘূর্ণিতে পরাস্ত হয়েই ১১৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। লক্ষ্যটা ছোট হওয়ায় ব্যাটিং অর্ডারটা বাজিয়ে নিয়েছে ভারত। সাত নম্বরে ব্যাট করতে দেখা গেছে নিয়মিত ওপেনার রোহিত শর্মাকে।
আট নম্বরে ব্যাট করতে নামার কথা ছিল বিরাট কোহলির। তবে নামতে হয়নি তাকে। ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বল হাতে রেখে ৫ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত।
আগে ব্যাট করতে নেমে ভারতীয় স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের শিকার সাত উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক শাই হোপ।
দীর্ঘ দুই বছর পর ওয়ানডেতে ফিরলেও নজর কাড়তে পারেননি শিমরন হেটমায়ার। ভারতের বোলিং তোপে মাত্র ২৩ ওভারেই ১১৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ছোট লক্ষ্যে অদ্ভুত ব্যাটিং অর্ডার সাজায় ভারত। রোহিত শর্মার পরিবর্তে ওপেনিংয়ে নামেন শুভমান গিল ও ঈশান কিষান। নিয়মিত উইকেট পড়লেও ব্যাট করতে ক্রিজে আসছিলেন না বিরাট কোহলিও।
রোহিত-কোহলির আগে ব্যাট করতে দেখা গেছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুরকে। তবে ৫ উইকেট হারালেও বড় জয়ে সিরিজ শুরু করেছে ভারত।
ম্যাচে কুলদীপের পরফরম্যান্স নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগে চাপে ফেলছে চাহালকে। তবে এমনটি মনে করেন না কুলদীপ। বলেন, ‘আমরা জানি, সমন্বয়টি অনেক গুরুত্বপূর্ণ। কখনও সে খেলে, কখনও আমি খেলি। আমাদের বোঝাপড়া খুব ভালো। আমরা খুব স্বাভাবিক আছি। আমি যখন খেলি তখন সে আমাকে অনেক সাহায্য করে, সে আমাকে বলে আমি কী করতে পারি, আমি কী পরিবর্তন করতে পারি। সে সব সময় চায় আমি ভালো করি। সে যখন খেলে আমিও একই কাজ করি, যাতে সে যখন খেলে তখন সে ভালো পারফর্ম করে। আর এই কারণেই কুল-চা অংশীদারত্ব বছরের পর বছর ধরে ভালো করেছে। আমরা একে অপরকে সমর্থন করি।’
টেস্টের পর ওয়ানডেতে হার দিয়ে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। বিষয়টি নিয়ে অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমাদের যেভাবে খেলার প্রয়োজন সেভাবে খেলিনি আমরা। পিচ চ্যালেঞ্জিক ছিল সত্যি, তবে আমাদের স্কোর করার উপায় খুঁজে বের করতে হবে। আমি অজুহাত দিচ্ছি না কিন্তু যে ম্যাচটি দেখছে তারা, দেখতে পাবে এখানে কী হচ্ছে। আমাদের কাজ হলো স্কোর করার উপায় খুঁজে বের করা।’