× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাসকিনের প্রিয় শিকার বনে গেলেন গুরবাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১০:৪৫ এএম

তাসকিনের প্রিয় শিকার বনে গেলেন গুরবাজ

তাসকিন আহমেদকে এরপর সামনে পেলে নিশ্চিত করেই আত্মবিশ্বাসটা তলানিতে নেমে যাবে তার! সেটাই স্বাভাবিক। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুই জায়গাতেই তাসকিনের ‘বানি’ হয়ে উঠেছেন রহমানউল্লাহ গুরবাজ! আফগানিস্তানের এই ব্যাটার বাংলাদেশের পেসারকে পেলেই পথ হারাচ্ছেন। বিস্ময়কর হলেও সত্য- শেষ ১৭ দিনে ৫ বার তাসকিনের বলে আউট হয়েছেন এই ওপেনিং ব্যাটার। 

আরও পড়ুন : বাংলাদেশের সামনে সব চেনা প্রতিপক্ষ

এক বোলারের কাছে বারবার আউট হওয়ার ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয়। ক্রিকেটে এমন ঘটনা বিস্ময়কর তবে বিরল নয়। কিন্তু নিশ্চিত করেই তাসকিন আহমেদের জন্য অন্যরকম এক তৃপ্তি! ক্রিকেটের ভাষায় যাকে ‘বানি’ বলে সেটিই পেয়ে গেলেন তিনি। গত বুধবার রহমানউল্লাহ গুরবাজকে আরও একবার সাজঘরের পথ দেখালেন তিনি! জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টে তাসকিনের বলে আউট হলেন আফগান ওপেনার।

পরিসংখ্যান বলছে- গত ১৬ দিনে পঞ্চমবারের মতো তাসকিনের বলে আউট হলেন গুরবাজ। তার মধ্যে জিম আফ্রো টি-১০ লড়াইয়ে দুবার, বাকি তিনবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে। 

তাসকিনের গুরবাজ শিকার শুরু হয়েছিল গত ১১ জুলাই বাংলাদেশ-আফগান তৃতীয় ওয়ানডেতে। যেখানে তাসকিনের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন গুরবাজ। এরপর বাকি দুটি টি-টোয়েন্টিতেও তাকে ফেরান তাসকিন। তবে এই ব্যাটারকে চেনা কোনো ছকে ফেলে আউট করছেন না। বোলিং-বৈচিত্র্য ধরে রেখেই গুরবাজ-বধ করে যাচ্ছেন। যেমন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অফস্টাম্পের বাইরে বল করে ফেরান। এরপর প্রথম টি-টোয়েন্টিতে স্লোয়ার আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাউন্সারে প্রিয় শিকার গুরবাজকে কাবু করেন তিনি।

জিম আফ্রো টি-১০ টুর্নামেন্টে গুরবাজ অবশ্য গত পরশু করেন ৪৫ রান। তারপরও তার দল কেপটাউনকে জেতাতে পারেননি। তাসকিনের বুলাওয়ে ব্রেভস জিতেছে ৩ রানে। গুরবাজের দল কেপটাউনকে একই দিন হারিয়েছে মুশফিকের দল জোবার্গ বাফেলোস। কেপটাউনের দেওয়া ৯০ রান ৬.৫ ওভারেই তুলে ফেলে মুশফিকুর রহিমের দল। যদিও বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার ব্যাট হাতে নামতেই পারেননি।

তবে এদিন আলোচনায় ছিল তাসকিন-গুরবাজ দ্বৈরথই। যদিও বোলারদের হাতে এমন ‘বানি’ হওয়ার যে রেকর্ড সেখানে অনেক পিছিয়ে আছেন তাসকিন আর গুরবাজ। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার বলে ১৯ বার আউট হয়ে অনাকাঙ্ক্ষিত ‘বানি’ তালিকায় নাম্বার ওয়ান ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার মাইকেল আথারটন। এরপরই আছেন অস্ট্রেলিয়ার আর্থার মরিস। ইংল্যান্ডের অ্যালেক বেডসারের বলে ১৮ বার আউট হওয়ার যন্ত্রণা পেয়েছেন। তারপরই স্টুয়ার্ট ব্রড। এই ইংলিশ পেসারের বলে ১৭ বার আউট হয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 

তালিকার এই ক্রিকেটারদের বেশিরভাগই চলে গেছেন সাবেকদের তালিকায়। সেই হিসাবে তাসকিন-গুরবাজের দ্বৈরথ আরও জমতে পারে। সামনেই এশিয়া কাপ। এরপরই বিশ্বকাপ, যেখানেও দেখা হবে এই দুই ক্রিকেটারের। সেই লড়াইয়ে নিশ্চিত করেই তাসকিনকে এড়িয়ে যেতে চাইবেন গুরবাজ!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা