× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের সামনে সব চেনা প্রতিপক্ষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ০৯:৫৭ এএম

বাংলাদেশের সামনে সব চেনা প্রতিপক্ষ

২০২৬ বিশ্বকাপের জন্য এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের ড্র ছিল গতকাল। যাতে চোখ ছিল বাংলাদেশেরও। বাছাই পর্বের প্রথম রাউন্ড থেকে যে মাঠে নামার কথা জামাল ভূঁইয়ার দলের। সে অপেক্ষা মিটেছে অবশেষে। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়ে গেছে চেনা মালদ্বীপকে।

আরও পড়ুন : এশিয়াডে বাংলাদেশের অচেনা কঠিন প্রতিপক্ষ

গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডেরও ড্র হয়ে গেছে। সেখানেও একগাদা চেনা প্রতিপক্ষের সামনে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের।

সাফ অঞ্চল থেকে ভারত ছাড়া বাকি সব দলই খেলছে প্রথম পর্বে। এর মধ্যে কেবল নেপাল আর মালদ্বীপ খেলছে প্রথম পট থেকে। বাকি চার দল বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভুটান খেলছে দ্বিতীয় পট থেকে। ড্রয়ের পর তাদেরও প্রতিপক্ষ জানা হয়ে গেছে।

নেপাল খেলছে লাওসের বিপক্ষে। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়া সাপেক্ষে শ্রীলঙ্কা খেলবে ইয়েমেনের বিপক্ষে। পাকিস্তানের প্রতিপক্ষ কম্বোডিয়া। ভুটান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হংকংকে। হোম আর অ্যাওয়ে ভিত্তিতে আগামী ১২ ও ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রাথমিক পর্বের এই লড়াইয়ে মাঠে নামবে দলগুলো।

শ্রীলঙ্কার ফিফা নিষেধাজ্ঞার ফলে বাছাই পর্বের প্রথম রাউন্ডে খেলার কথা ছিল ১৮ দলের। তবে শেষ সময়ে এসে শ্রীলঙ্কার নাম যোগ হয়, সঙ্গে হংকংও হারায় ‘বাই’-এর সুবিধা। বাছাই পর্বের প্রথম রাউন্ডে তাই খেলবে ২০ দল। উতরে যাওয়া ১০ দল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এএফসির বাকি ২৬ দলের সঙ্গে লড়াই করবে এরপর।

সব মিলিয়ে দ্বিতীয় পর্বের ৩৬ দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপে প্রতিটি দল পাবে ৬টি করে ম্যাচ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলবে পরের রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো হবে চলতি বছরের নভেম্বর থেকে পরের বছরের জুন পর্যন্ত।

দ্বিতীয় রাউন্ডের ড্রতে বাংলাদেশের সম্ভাব্য ঠিকানা হয়েছে আই গ্রুপে। সেখানে অপেক্ষা করছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফিলিস্তিনের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও আছে বাংলাদেশের।

২০২০ বঙ্গবন্ধু গোল্ডকাপে এই দলের বিপক্ষে খেলেছিল দল। লেবাননের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্ব তো বটেই, আছে সাফে খেলার অভিজ্ঞতাও। এই সবশেষ আসরেই লেবানিজদের ৮০ মিনিট পর্যন্ত আটকে রাখার সুখস্মৃতি আছে বাংলাদেশের। 

তবে সে গ্রুপে যেতে হলে বাংলাদেশকে আগে উতরে যেতে হবে প্রথম পর্বের বৈতরণী। হারাতে হবে মালদ্বীপকে। আগামী ১২ ও ১৭ অক্টোবরের ওই দুই ম্যাচ জিতলে তবেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা