প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ০০:৪০ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩ ০০:৪২ এএম
বিশ্বকাপের দুই রাউন্ডের প্রতিপক্ষ জানা গেছে। একই দিন এশিয়ান গেমস ফুটবলের ড্রও হয়ে গেছে। যার ফলে বাংলাদেশ এশিয়ান গেমসের নারী ও পুরুষ বিভাগের প্রতিপক্ষও জেনে গেছে। তবে বিশ্বকাপের দুই রাউন্ডের সঙ্গে এশিয়াডের ড্রয়ের পার্থক্য হচ্ছে- এশিয়াডের দুই বিভাগেই বাংলাদেশ পেয়েছে প্রায় অচেনা সব প্রতিপক্ষ, কঠিন তো বটেই।
আরও পড়ুন : সাকিব জেতাতে পারলেন না মন্ট্রিলকে
পুরুষ আর নারী দুই দলের গ্রুপেই আছে একটা করে চেনা প্রতিপক্ষ। তবে নারীদের পথটা একটু সহজ মনে হচ্ছে, কারণ নেপাল আছে গ্রুপে। যে নেপালকে সবশেষ সাফের ফাইনালে হারিয়ে ইতিহাসগড়া শিরোপাটা ঘরে তুলেছিল বাংলাদেশ।
চীনের হাংজুতে এশিয়ান গেমস শুরু হওয়ার কথা আগামী ২৩ সেপ্টেম্বর। এই আসরের ফুটবল নিয়ে বাংলাদেশে অবশ্য কম নাটকীয়তা হয়নি। শেষ কিছু দিনের পারফরম্যান্সকে মাথায় রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পুরুষ ফুটবল দলকে না পাঠিয়ে নারী ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এরপর ঘটনা মোড় নিয়েছে অনেক। তবে শেষমেশ জয়টা হয়েছে পুরুষ আর নারী দুই ফুটবল দলেরই। দুই দলকেই পাঠানো হচ্ছে চীনের হাংজুতে। দুই দলই জেনেছে তাদের প্রতিপক্ষ হবে কারা।
পুরুষ ফুটবল দল এই প্রতিযোগিতায় খেলবে এ গ্রুপে। সে গ্রুপে পরিচিত দল হিসেবে ভারত আছে। সঙ্গে আছে চীন ও মিয়ানমার। ছেলেদের ফুটবলে খেলবে ২৩ দল। চারটি করে দল আছে ৫টি গ্রুপে, একটি গ্রুপে আছে ৩টি দল। তিন দলের সেই গ্রুপ ডি-তে খেলবে জাপান, ফিলিস্তিন ও কাতার।
শেষবার এই এশিয়ান গেমসে বাংলাদেশ খেলেছিল শেষ ষোলোয়। সে সুযোগটা এবারও পাবে দল। ছয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর রানার্সআপ তো শেষ ষোলোয় খেলবেই, ছয় গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দলও খেলবে দ্বিতীয় রাউন্ডে।
নারী বিভাগে ১৭ দল খেলবে। দুটি গ্রুপে আছে চারটি করে দল, সে দুটি দলের একটিতেই পড়েছে বাংলাদেশ। ডি গ্রুপে সাবিনা খাতুনদের সঙ্গী হিসেবে আছে জাপান, ভিয়েতনাম ও নেপাল। বাকি তিনটি গ্রুপে খেলবে তিনটি করে দল।
পুরুষদের চেয়ে নারী ফুটবলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথটা একটু বেশিই কঠিন। পাঁচ গ্রুপ সেরা খেলবে দ্বিতীয় রাউন্ডে, আর তাদের সঙ্গী হবে পাঁচ গ্রুপ থেকে সেরা তিন গ্রুপ রানার্সআপ।
এশিয়ান গেমস
পুরুষ দলের গ্রুপ
এ গ্রুপ চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভারত
নারী দলের গ্রুপ
ডি গ্রুপ জাপান, ভিয়েতনাম, নেপাল, বাংলাদেশ