প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ০০:২০ এএম
দুর্দান্ত ফর্ম নিয়েই কানাডায় পা রেখেছেন সাকিব আল হাসান। শুধু বোলিং নয়। অলরাউন্ড নৈপুণ্য উপহার দিয়ে চলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দ্যুতি ছড়িয়ে চলেছেন ব্যাটিংয়েও। মাঝে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে মাঠের লড়াইটা তার ভালো কাটেনি। কিন্তু গ্লোবাল টি-টোয়েন্টিতে সাকিব ব্যাট-বল হাতে ঘুরে দাঁড়ালেন পরের ম্যাচেই।
আরও পড়ুন : নাইজেরিয়ার অঘটনে ধরাশায়ী অস্ট্রেলিয়া
বুধবার রাতে ফের নজরকাড়া বোলিং করলেন। একই সঙ্গে সাকিবের ব্যাটিংটাও হলো দাপুটে। ব্রাম্পটন উলভসের বিপক্ষে ঝলক দেখিয়ে ক্রিকেট মহাতারকা সাকিব জয় উপহার দিতে পারেননি নিজের দল মন্ট্রিল টাইগার্সকে। হার মেনেছে ১৫ রানে। বল হাতে ঘূর্ণিজাদুতে বেশ মিতব্যয়ী ছিলেন সাকিব। ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেটও শিকার করেন বাঁহাতি এ স্পিনার। তার দুরন্ত বোলিংয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে আটকে যায় প্রতিপক্ষ ব্রাম্পটন উলভস।
জয়ের লক্ষ্য ছোট হলেও তা ছুঁতে পারেনি সাকিবের মন্ট্রিল টাইগার্স। শুরুতে হতাশ করেন দুই উদ্বোধনী ব্যাটার। দলীয় ৩২ রানের মাথায় দুই ওপেনার সাজঘরের পথ ধরলে ব্যাটিংয়ে নেমে সাহস জোগান সাকিব। ক্রিজে তার সঙ্গী হন দিলপ্রিত সিং। দুজনে মিলে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যাচ্ছিলেন। কিন্তু সাকিব খুব বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ২১ বলে খেলেন ২৮ রানের দারুণ এক ইনিংস। তার বিদায়ে মন্ট্রিল টাইগার্স জয়ের ট্র্যাক থেকে ছিটকে যায়।
অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে চেষ্টার ত্রুটি রাখেননি দিপেন্দ্র সিং আইরি। কিন্তু তিনি সফল হতে পারেননি। লগান ফন বিকের বলে আউট হওয়ার আগে দলীয় স্কোরে তিনিও যোগ করেন সাকিবের সমান ২৮ রান। ১৪৪ জয়ের লক্ষ্য হলেও ১৯.১ ওভারে সাকিবের টিমের ব্যাটিং প্রচেষ্টা থামে ১২৮ রানে।