প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৭:৪০ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৯:৫১ পিএম
পাকিস্তান প্রথম ইনিংসেই গড়ে ফেলে রানের পাহাড়। বাবর আজমরা ৫ উইকেট হারিয়ে ৫৭৬ রানে থামতেই ইনিংস হারের আশঙ্কা পেয়ে বসে শ্রীলঙ্কাকে। বাস্তবে সেটাই হয়েছে। দাপুটে ব্যাটিংয়ের পর বোলিংটা হলো দুর্বার। তাতেই কলম্বো টেস্ট চার দিনের মাথায় জিতে নিয়েছে পাকিস্তান। সফরকারী পাকিস্তান ইনিংস ও ২২২ রানে হারিয়েছে স্বাগতিক লঙ্কানদের।
আরও পড়ুন - নভেম্বরের আগে মিলবে না মেসির জার্সি
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের এটাই সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড। আর ইনিংস ব্যবধানের জয়ের দিক থেকে এটি সব মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। প্রথম টেস্টে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। দুর্বার পারফরম্যান্সে দ্বিতীয় টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল পাকিস্তান।
ম্যাচসেরা আব্দুল্লাহ শফিক (২০১) ডাবল সেঞ্চুরি হাঁকান। শান মাসুদ (৫১) ও সৌদ শাকিল (৫৭) হাফ সেঞ্চুরির দেখা পান। সিরিজসেরা আগা সালমান খেলেন ১৩২* রানের হার না মানা দুর্বার এক ইনিংস। তার সঙ্গে ৫০* রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাটিং ঝলকে ৫ উইকেট হারিয়ে ৫৭৬ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আসিথা ফার্নান্ডো ৩ উইকেট আর প্রবাথ জয়াসুরিয়া নেন ২ উইকেট।
পাকিস্তানের জার্সিতে ঘূর্ণি জাদুতে নোমান আলী একাই শিকার করেন ৭ উইকেট। বাকি তিন উইকেট পকেটে পুরেন নাসিম শাহ। দুজনের বোলিং দাপটে দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথুস ৬৩* রানে অপরাজিত থেকেও দলের ইনিংস হার এড়াতে পারেননি। তার সঙ্গে দিমুথ করুনারত্নে ৪১ ও নিশান মাদুশঙ্কা এনে দেন ৩৩ রান।