প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১৫:১৫ পিএম
কিলিয়ান এমবাপের সামনে এখন যেন তিনটা পথ— ঝামেলা মিটিয়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন, আল হিলালের রেকর্ড অর্থের প্রস্তাব মেনে নেওয়া অথবা রিয়াল মাদ্রিদে যাওয়ার অপেক্ষা করা। আপাতত কোনো একটিও ঠিকঠাক করতে পারছেন না ফ্রেঞ্চ তারকা স্ট্রাইকার। নানা অসঙ্গতিতে প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে না। সৌদি প্রো লিগের ক্লাবের চোখধাঁধানো প্রস্তাবও মানা হচ্ছে না। এবং তার মাদ্রিদে যাওয়াও গেছে আটকে। তবে গত কয়েক মৌসুমের মতো এবারও দলবদলের বাজারে খবরের খোরাক জুগিয়ে যাচ্ছেন পিএসজির স্ট্রাইকার।
বাজার আদপে গরমই বলতে হবে। এমবাপেকে পেতে চায় তিন ক্লাব, কিন্তু খোদ এমবাপে চাইছেন কী? প্রশ্ন যখন জমছে তখন ফরাসি পত্রিকা লেকুইপে জানিয়েছে, বার্সেলোনা এমবাপেকে পাখির চোখ করেছে। এ নিয়ে আলোচনায়ও নাকি বসতে যাচ্ছে ফ্রান্স ও স্পেনের দুই ক্লাব। কিন্তু ঘটনা গড়িয়েছে বহুদূর, প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বার্সা বলেছে, এমবাপের ব্যাপারে তাদের কোনো আগ্রহই নেই। অথচ যাদের সবচেয়ে বেশি আগ্রহ সেই আল হিলাল অপেক্ষায় এমবাপের সিদ্ধান্তে।
‘রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে এভাবেই দৌড়ে সৌদি চলে যাব’
পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না এমবাপে। তাতেই চটেছে প্যারিসের ক্লাবটি। পিএসজিও তাদের এশিয়া সফরে এমবাপেকে টিমে রাখেনি। তারা হাজার কোটি টাকার ‘টোপ’ দিয়েও যখন এমবাপেকে ধরে রাখতে পারেনি তখন তাকে বিক্রি করে দিতে চাচ্ছে। সেই সুযোগ লুফে নিতে চায় আল হিলাল। সৌদির ক্লাবটি তাই দিয়েছে চোখধাঁধানো অফার, যা মেনেও নিয়েছে পিএসজি। দলবদল বিষয়ে বিভিন্ন তথ্যের জন্য নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে ফ্রেঞ্চ তারকাকে পেতে চাচ্ছে আল হিলাল। শেষ পর্যন্ত যদি চুক্তিটি হয়, তাহলে সেটি হবে ফুটবল ইতিহাসের রেকর্ড ফি। যদিও ইউরোপিয়ান মিডিয়ার খবর, ইউরোপে থাকতে চাচ্ছেন এমবাপে। তবে পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, দল না ছাড়লে আগামী মৌসুম পুরোপুরি বেঞ্চে বসেই পার করতে হবে এমবাপেকে। কিন্তু এই শর্ত মেনে বেঞ্চে বসে থাকতেও আপত্তি নেই তার।
আরও পড়ুন :
ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার জানিয়েছেন, পিএসজিতে থেকে তার কোনো লাভই হচ্ছে না। ২০২৪ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি। সেটি শেষ করে যেতে পারলে আখেরে লাভ পুরোটা। এখন ব্যাপার হলো, চুক্তির শেষে যদি এমবাপে ক্লাব ছাড়েন তাহলে এক টাকাও পাবে না পিএসজি। তাই এই মৌসুমেই এমবাপেকে বেচে দিতে চাইছিল তারা— যদি কিছু টাকা পাওয়া যায়! কিন্তু সেটাও হচ্ছে না। আগামী বছর ফ্রি এজেন্ট হয়ে রিয়ালে যেতে চান এমবাপে, তাতে পিএসজি তারকার লাভ দুটি দিক থেকে। রিয়াল যেহেতু খরচাপাতি ছাড়া তাকে পেয়ে যাবে, তাই মোটা অঙ্কের বেতন দিতে কার্পণ্য করবে না। অন্যটি হচ্ছে পিএসজি থেকেও চুক্তি অনুযায়ী পাবেন বোনাস। তাতে সবদিক থেকেই লোকসান গুনবে পিএসজি। সেই শতকোটি টাকার লোকসান এড়াতে হাজারকোটি টাকার ফন্দি এঁটেছিল পিএসজি। ফ্রেঞ্চ স্ট্রাইকারকে ১০ বছরের অবিশ্বাস্য প্রস্তাব দিয়েও যখন হচ্ছিল না, তখন তাকে বেচে দিতে চায় ফ্রান্সের চ্যাম্পিয়নরা। আল হিলালের সঙ্গে কথাও নাকি এগিয়ে রেখেছে।
তবে সেটি নিয়েই মজা করেছেন লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুন্মপো। বাস্কেটবলের দুই তারকা জানালেন, এমবাপে না গেলে আল হিলালে যেতে চান তারা। ফরেস্ট গাম্প চলচ্চিত্রে দৌড়ানোর একটি ভিডিও পোস্ট করে লেব্রন জেমস লেখেন, ‘রিচ পল ও মাভেরিক কার্টারকে ফোন করা মাত্রই আমি এক বছরের চুক্তিতে এভাবেই দৌড়ে সৌদি চলে যাব।’ আন্তেতোকুন্মপো মজা করেছেন একটু বেশি করেই, ‘আল হিলাল চাইলে আমাকে নিতে পারে। দেখতে এমবাপের মতোই।’ সেখানে মজা নিতে এসেছেন খোদ এমবাপেই। গ্রিক বাস্কেটবল তারকার টুইটকে রিটুইট করে এমবাপে একগুচ্ছ হাসির ইমোজি দিয়ে বুঝিয়েছেন। দলবদলের বাজারে তাকে নিয়ে চাউর থাকা খবরেও যেন এমন প্রতিক্রিয়া ফ্রেঞ্চ স্ট্রাইকারের।