প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২০:৪৩ পিএম
ম্যানচেস্টারে বৃষ্টি হতাশ করেছে স্টোকসদের ছবি: গেটি ইমেজেস
অ্যাশেজ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয়টিতে জিতেছিল তারা। চতুর্থ ম্যাচেও দাপট দেখিয়েছিল। কিন্তু বেরসিক বৃষ্টি তাদের জয়যাত্রা থামিয়ে দিয়েছে। এখন এমন অবস্থা সিরিজ জয়ের আশা শেষ ইংল্যান্ডের, ওভাল টেস্টের আগে সিরিজ হারানোর শঙ্কাও ঘুচে গেছে অস্ট্রেলিয়ার। ওল্ড ট্রাফোর্ডে ইংলিশদের হারের কারণ তথা সিরিজ হারের কারণ আতশকাঁচের নিচে নেওয়া হচ্ছে। ম্যানচেস্টারে বৃষ্টিকে দোষারোপ করা হলেও সিরিজ হারের ভিন্ন কারণ দেখছেন গ্লেন ম্যাকগ্রা।
অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসারের ভিন্ন মত, ম্যানচেস্টারে দ্রুত ইনিংস ঘোষণা কাল হয়েছে ইংলিশদের। বিবিসিতে লেখা এক কলামে ম্যাকগ্রা বলেছেন, ‘তাদের বাজবল স্টাইলের দারুণ রূপ ছিল এটি, কিন্তু বেন স্টোকসের আগেই ইনিংস ঘোষণা না করাটা তাদের জয়বঞ্চিত করেছে। ইংল্যান্ড ৫০৬-৮ ছিল, ১৮৯ রানে এগিয়ে ছিল, কিন্তু বিকেলের সেশনে স্টোকস ব্যাটিং করে যাওয়ার সিদ্ধান্ত নেয়।‘
আরও পড়ুন :
ম্যাকগ্রা বলেছেন, ‘জনি বেয়ারস্টোর ৯৯ রানের অপরাজিত ইনিংস হয়তো দলকে উজ্জীবিত করতে দারুণ কাজে দিয়েছে, কিন্তু স্টোকস যদি ইংল্যান্ডকে আরও ১০ ওভার আগে তুলে নিত, তাহলে আরও ১০ ওভার পেত বোলিংয়ের জন্য। তৃতীয় দিনের শেষে এসে তো বল রিভার্স সুইং-ও করছিল।’
ওল্ড ট্রাফোর্ডে ড্র হওয়ায় অ্যাশেজের বর্তমান অবস্থা, সিরিজ হারছে না অস্ট্রেলিয়া। চার ম্যাচ শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে। শেষ ম্যাচে সফরকারীরা হারলেও সিরিজের ফল হবে ড্র। আর আগের সিরিজ অস্ট্রেলিয়া জেতায় ‘ছাইদানি’ যাবে কামিন্স-স্মিথদের ঘরে।