প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০৮:৫৬ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ০৯:০০ এএম
ভারতকে প্রথম ওয়ানডেতে হারিয়ে শুভসূচনা হয়েছিল বাংলাদেশের মেয়েদের। স্বাগতিকরা দ্বিতীয় ওয়ানডে হারায় সিরিজের শেষ ম্যাচ পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যে দল ম্যাচ জিতবে তাদের হাতে উঠবে সিরিজ।
আরও পড়ুন : জয়ে নারী বিশ্বকাপ শুরু স্পেন-সুইজারল্যান্ডের
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা ফাহিমা খাতুন বারবার প্রত্যয় জানালেন- ভুল শুধরে মাঠে নামতে চান। শুধু ভুল শুধরে মাঠে নামাতেই সীমাবদ্ধ থাকছেন না তারা। ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার জন্যও মুখিয়ে আছে বাংলাদেশ। দলে থাকা ক্রিকেটাররা জয় ভিন্ন কিছু ভাবছেন না সেটা স্পষ্ট ফাহিমার কথায়।
আজ সকাল সাড়ে ৯টায় সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে করা পুরোনো ভুলের নতুন মঞ্চায়ন চান না ফাহিমা। বলেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলব, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি... ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি।’
দ্বিতীয় ওয়ানডেতে ১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আগে ব্যাট করলে স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাঁড় করানোর ইচ্ছা ফাহিমার। তার ভাষ্য, ‘আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ইউনিটের সবাই ব্যক্তিগতভাবে অনেক অনেক চেষ্টা করছেন। দুর্ভাগ্যবশত হয়নি। তবে কালকের (আজ) ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কালকে যদি আমরা আগে ব্যাটিং করি, ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করব।’
সংবাদ সম্মেলনের পুরোটা সময় নিজেদের পুরোনো ভুলের পুনরাবৃত্তি না করার অঙ্গীকার করেছেন ফাহিমা। দ্বিতীয় ওয়ানডেতে ফারজানা হক পিংকি ও রিতু মনির ব্যাটে শুরুর ব্যর্থতা কাটিয়ে ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ১৪ রানে শেষ ৭ উইকেট হারানোয়। সুযোগ থাকলেও এগোতে না পারার আফসোস ছিল। আফসোস ভুলে ফাহিমা চান দল হিসেবে জয়ের জন্য সর্বস্বটুকু দিয়ে লড়তে, ‘সবশেষ ম্যাচে দেখবেন, আমাদের প্রায় ১৫ ওভার ছিল। অনেক কিছু করার ছিল। দুর্ভাগ্যবশত দ্রুত উইকেট পড়েছে। আশা করি, পরের ম্যাচে আমরা দল হিসেবে চেষ্টা করব।’
এর জন্য অবশ্য উদ্বোধনী জুটিতে নিজেদের ভালো শুরু চান ফাহিমা। উইকেটের অবস্থা বুঝে দুই ওপেনার আজ সেই কাজ ঠিকঠাক করতে পারবেন এমনটাই আশা তার, ‘দুর্ভাগ্যবশত ওপেনাররা হয়তোবা পারছেন না। তারাও অনেক চিন্তা করেছেন এই পিচে কী ধরনের ক্রিকেট খেলা উচিত। গত দুই দিন আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা চেষ্টা করছি ভালো কিছু দেখানোর।’ শুধু দুই ওপেনারের ওপর নির্ভরশীল নন। সিরিজ নির্ধারণী ম্যাচে দল হিসেবে পারফর্ম করতে চান ফাহিমা, ‘আমরা চেষ্টা করব ব্যাটিং ইউনিট ও বোলিং ইউনিট হিসেবে সেরাটা দেওয়ার। গত ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি, ওগুলো যেন আর না হয়।’
ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থন চান ফাহিমা। মাঠে দর্শক উপস্থিতি বেশি হোক এমনটাই চাওয়া দলের। দর্শকদের হতাশ করবেন না এমন কথাও শোনা গেছে ফাহিমার কণ্ঠে, ‘আমি আশা করব, কালকে (আজ) যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ, অনেক দর্শক হবে এবং আমরা দর্শকদের একটা আশানুরূপ ফল দিতে পারব ইনশাল্লাহ।’
এইদিকে ভারতীয় দলও নিশ্চিত করতে চায় সিরিজ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা জানান, অন্য দলের মতো বাংলাদেশকেও গুরুত্বসহকারে নিচ্ছেন তারা। তিনি এও জানান, সিরিজ নির্ধারণী ম্যাচ মোটেও সহজ হবে না। সিরিজ নিজেদের করে নিতে করতে হবে লড়াই। স্মৃতি মান্ধানা বলেন, ‘অন্য ম্যাচের জন্য যেভাবে প্রস্তুত হই। আজকেও (গতকাল) সেটাই করছি।’ তিনি আরও যোগ করেন, ‘ওদেরকে হারাতে আমাদের তিন ফরম্যাটে ভালো করতে হবে। বাংলাদেশকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কীভাবে নিজেদের উন্নতি করা যায় সেটাই চিন্তা করছি। আমি আশাবাদী কালকে (আজ) আমরা সিরিজ জিতব।’