প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০০:৩৭ এএম
শুক্রবার নারী বিশ্বকাপের ম্যাচ হয়েছে মোট তিনটি। যেখানে জয়ে আসর শুরু করেছে স্পেন ও সুইজারল্যান্ড। তবে নাইজেরিয়া-কানাডা ম্যাচটি দেখেনি ফল। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করেছে দল দুটি।
আরও পড়ুন : ফর্টিসের চমক, আবাহনী জয়
নারী বিশ্বকাপের গ্রুপ সি-এর ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আসরের অন্যতম ফেভারিট স্পেন। কাঙ্ক্ষিত জয় পেয়েছেন স্পেনের মেয়েরা। প্রতিপক্ষ কোস্টারিকাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখেছে স্পেন। তাদের চাপ সামলাতে গিয়ে ম্যাচের ২১ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে কোস্টারিকা। এরপর ৬ মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করেছে কোস্টারিকা, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
দিনের আরেক ম্যাচে গ্রুপ এ-তে ফিলিপাইনকে ০-২ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের ৪৫ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন রামোন বাচম্যান ও সেভেরিন পিউবেল।
গ্রুপ বি-তে কানাডা-নাইজেরিয়া ম্যাচটি অবশ্য শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ম্যাচে আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কানাডা। যার ফলে ভাগ করতে হয়েছে পয়েন্ট।