প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১০:১৪ এএম
আন্তর্জাতিক ব্যস্ততা শেষে এখন ছুটিতে আছেন ক্রিকেটাররা। আগামী ২৯ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। এর আগে ২২ জুলাই ঘোষণা করা হবে এশিয়া কাপের প্রাথমিক দল। এমন ঘোষণা আসার পরই অনুশীলনে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল মিরপুরে প্রায় ঘণ্টা তিনেক সময় অনুশীলন করেন এই ক্রিকেটার।
আরও পড়ুন : নারী দলের কোচের দায়িত্বে টিটু
গত ১৩ মে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের পর আর মিরপুরে আসেননি মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে অবশ্য শেষবারের মতো ফেব্রুয়ারি-মার্চে জাতীয় দলের হয়ে মিরপুরে অনুশীলন করেন। দীর্ঘ বিরতির পর গতকাল মিরপুরে দেখা মিলেছে রিয়াদের। অনুশীলন শেষে ভেরিফায়েড ফেসবুক পেজে রিয়াদ নিজের অনুশীলনের ছবি দিয়ে লেখেন, ‘চ্যালেঞ্জ ইউর স্টোরি!’
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মিরপুরে পা রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাকে। মিরপুরে এসে তার গন্তব্য ছিল একাডেমি মাঠ। মূল মাঠে বাংলাদেশ-ভারত নারী দলের দ্বিতীয় ওয়ানডে চলায় সেখানে অনুশীলনের সুযোগ হয়নি তার।
একাডেমি মাঠে বেশ খানিকক্ষণ রানিং করেন। বোঝা যাচ্ছিল, দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকায় ফিটনেসে কিছুটা চিড় ধরেছে। বিশ্রাম নিয়ে নিয়ে রানিং করা রিয়াদ মিনিট বিশেক পরে চলে যান জিমে। সেখানে জিম শেষে ফের মাঠে ফেরেন রিয়াদ। তখন আর রানিং কিংবা নিজের ফিটনেস নিয়ে কাজ করেননি। শান দেন নিজের ব্যাটিংয়ে। হালকা নকিং শেষে এক নেট বোলারের বলে ব্যাটিং করতে দেখা যায়। প্রায় দুপুর ২টার দিকে মিরপুর ছাড়েন এই ব্যাটার।
বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটার গত মার্চে দেশের মাটিতে হওয়া আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়েন। সেই সময় জানানো হয়, ‘বিশ্রামে’ রাখা হয়েছে। সেই বিশ্রাম কাটিয়ে এখনও তার দলে ফেরা হয়নি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপেও তার দলে ফেরার নেই কোনো সম্ভাবনা। পাশার দান শেষ মুহূর্তে না উল্টালে হয়তো দলের বাইরে বসেই উপভোগ করতে বসবে বিশ্বকাপ।