প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২৩:১৫ পিএম
প্যারিস ছাড়ার খবর আগেই দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে সম্পর্ক ছেদ করার খবর তাই নতুন কিছু নয়। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন তনয় থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে মোটেই ভালো ছিলেন না ফুটবল জাদুকর। কোনো উপায় না দেখে ফ্রান্স ছেড়েছেন মেসি। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। নাম লিখেছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে।
আরও পড়ুন : উইম্বলডনের ফাইনালে হলিউড তারকারা
নতুন ক্লাবের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন মেসি। মার্কিন ক্লাবটিতে থাকছেন ২০২৫ সাল পর্যন্ত। বর্ণালি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসিকে অভ্যর্থনাও জানিয়ে ফেলেছে ক্লাবটি। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ভক্ত-সমর্থকদের সামনে হাজিরও হয়েছেন এ ফুটবল মহাতারকা। মেসি যাওয়ার আগে থেকেই ফ্লোরিডায় চলছে উৎসব। প্রিয় তারকার ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন, ম্যুরালে ছেয়ে গেছে পুরো মিয়ামি। অনুসারীদের মধ্যে এখন মেসির ‘১০’ নম্বর জার্সি কেনার ধুম পড়ে গেছে। ফুটবল অনুরাগীদের এই উৎসব যেন শেষ হওয়ার নয়।
কিন্তু এখনও একটা উপলক্ষ বাকি। ভাবছেন সেটা আবার কী? মেগাস্টার মেসির অভিষেক পর্বটা যে এখনও হওয়ার অপেক্ষায়। বহু কাঙ্ক্ষিত মেসির সেই অভিষেকটা হতে যাচ্ছে আগামী ২১ জুলাই। মানে আগামী শুক্রবার। বিশেষ ক্ষণ। বিশেষ দিন। দর্শক না থাকলে কি জমবে সেই উপলক্ষটা? মেসি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তাই তো ভক্তদের আমন্ত্রণ জানিয়ে রেখেছেন মেসি।
আর্জেন্টিনার প্রাণভোমরা এখনও ইন্টার মিয়ামির জার্সি গায়ে মাঠে নামেননি। ক্লাব সমর্থকদের মেসির ফুটবল জাদু দেখার অপেক্ষার প্রহর শেষ হলো বলে। মেসি দর্শকদের ফুটবল ম্যাজিক দেখার আর্জিও জানিয়ে ফেলেছেন ইতোমধ্যে। ইন্টার মিয়ামির জার্সিতে মেসির মাঠের অভিষেক হবে শুক্রবার। লিগ কাপে মেসি লড়বেন ক্রুজ আজুলের বিপক্ষে। এই ম্যাচ দিয়েই যুক্তরাষ্ট্র ফুটবলে রচিত হবে মেসি যুগের। সমর্থকদের মাঠে থাকার নিমন্ত্রণ জানিয়ে রেখেছেন বিশ্বকাপজয়ী এ স্টার ফুটবলার। ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘আপনাদের সঙ্গে ফের দেখা হবে শুক্রবার।’
অভিষেকের আগে বর্ণালি অভ্যর্থনা পেয়ে যারপরনাই খুশি মেসি। তাই তো সমর্থকদের প্রতি কৃতজ্ঞা জানাতে ভুলেননি এ সুপারস্টার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লেখেন, ‘সবাইকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের পরিকল্পনা বৃষ্টি পাল্টে দিয়েছিল একটু। কিন্তু তারপরও সবকিছু দারুণ ছিল। যারা ছিলেন তাদের ধন্যবাদ।’ বরণ অনুষ্ঠানে মেসি সিক্ত হয়েছেন ভক্তদের ভালোবাসায়। মেসির নামে স্লোগান আর গানে মুখরিত ছিল পুরো আয়োজন। মেসি ভক্তদের ভালোবাসার জবাবে জানান, ‘আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। যারা পারফর্ম করেছে, সেই শিল্পীদেরও ধন্যবাদ জানাই।’