× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের সেঞ্চুরি

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৩ ২১:২১ পিএম

আপডেট : ১৮ জুলাই ২০২৩ ২১:২৩ পিএম

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে শুরুর শঙ্কাটা কাটিয়েছে বাংলাদেশ। এরপর সৌম্য সরকারের অলরাউন্ডিং নৈপুণ্যে ভর করে আফগানিস্তানকে হারিয়েছে ২১ রানে। এই জয়ই সাইফ হাসানের দলকে তুলে দিয়েছে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে। তানজিদ হাসান তামিম ও নাঈম শেখের পর অধিনায়ক সাইফ হাসান যখন ধরলেন প্যাভিলিয়নের পথ, দলের স্কোরবোর্ডে রান তখন মোটে ৩৪। 

আরও পড়ুন - পুরো শক্তি নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে নারী ফুটবল দল

জয়ের লড়াইয়ের শুরু সেখানে। জাকির হাসানকে সঙ্গে নিয়ে গড়েন ১১৭ রানের জুটি। প্রাথমিকভাবে বিপদটা সামাল দেওয়া যায় তাতে। এরপর সঙ্গী হিসেবে জয় পান সৌম্য সরকারকে। ৪২ বলে ৪৮ রানের ইনিংস খেলে সৌম্য ফেরেন যখন, ৪১তম ওভারে বাংলাদেশের রান তখন ২৩০; বড় স্কোরের ভিতটা ততক্ষণে পেয়ে গেছে বাংলাদেশ।

এরপর জয় তুলে নেন সেঞ্চুরি। তবে ফেরেন এরপরই। ২৬৭ রানে সপ্তম ব্যাটার হিসেবে ফেরেন তিনি, তার আগেই অবশ্য আকবর আলীও ধরেন সাজঘরের পথ। তাতে বাংলাদেশের বড় স্কোরের সম্ভাবনাটা বড় ধাক্কা খেয়ে গেছে বলেই মনে হচ্ছিল। তবে শেষমেশ তা হয়নি শেখ মাহেদি হাসানের কল্যাণে। রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে তার ২২ বলে ৪১ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় ৩০৮ রানের পুঁজি। মাহেদি ১৯ বলে ৩৬ আর রাকিবুল অপরাজিত থাকেন ১২ বলে ১৫ রানে। 

আফগানরা জবাবটা অবশ্য ভালোভাবেই দিচ্ছিল। ওপেনার জুবাইদ আকবরিকে শুরুতে হারালেও রিয়াজ হাসান আর নুর আলি জাদরানের ৯০ রানের জুটি তাদের রেখেছে রান তাড়া করার কক্ষপথেই। নুর আলি ৪৪ রানে ফেরার পর রিয়াজ হাসানও ফেরেন দ্রুতই। তার ৭৮ রানের ইনিংস যখন শেষ হলো, আফগানরা তখন রান তাড়া করার মাঝপথে, স্কোরবোর্ডে উঠে গেছে ১৪৮ রান। 

তবে ওভার ততক্ষণে শেষ ৩২টা। বাংলাদেশ শুরু থেকেই বোলিংয়ে ছিল মিতব্যয়ী, শেখ মাহেদি উইকেট না পেলেও ৩০ রান দিয়েছেন ১০ ওভারে, সঙ্গে রাকিবুলও ১০ ওভারে রান দিয়েছেন ওই ৩০-ই। তাতেই আফগানদের ওপর চাপটা বাড়তে থাকে ক্রমে।

তবু শেষে আফগানিস্তান খুব কাছে চলে গিয়েছিল পেসারদের কারণে, তিন পেসারের সবাই যে রান দিয়েছেন ওভারপ্রতি ৬-এর বেশি করে। যদিও শেষে জয়টা এসেছে ওই পেসারদের ওপর ভর করেই। শেষ চার ওভারে আফগানদের প্রয়োজন ছিল ৪৮ রান। এর আগে ৯ ওভারে ৮২ রান দেওয়া রিপন মণ্ডল সে ওভারে দিলেন মোটে ৯। এরপর তানজিম হাসান সাকিব আর সৌম্য সরকার হিসাবি বোলিং তো করলেনই, তুলে নিলেন উইকেটও। বাংলাদেশ তাই ম্যাচটা শেষ করে বিজয়ীর হাসি হেসেই।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৩০৮/৭, ৫০ ওভার (জয় ১০০, জাকির ৬২, সৌম্য ৪৮, মেহেদি ৩৬*; সেলিম ৪/৬৫)।

আফগানিস্তান : ২৮৭/৮, ৫০ ওভার (রিয়াজ ৭৮, বাহির শাহ ৫৩*, নুর আলী ৪৪, শহিদুল্লাহ ৪৪; তানজিম ৩/৬৭, রাকিবুল ২/৩০, সৌম্য ২/৬১)।

ফল : বাংলাদেশ ২১ রানে জয়ী।

ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা