প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১০:৪৭ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১১:০৭ এএম
লিওনেল মেসিকে দলে টানা নিয়ে বার্সেলোনা ও আল-হিলালের একের পর এক গুঞ্জনের খবরে ইন্টার মিয়ামি কিছুটা দূরেই ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেল, বার্সা কিংবা সৌদি আরবের ক্লাবের কোনোটাতেই যাচ্ছেন না। প্যারিস ছাড়ার পর মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। এমএলএস ক্লাবটিতে কিংবদন্তির যোগ দেওয়া নিয়ে বহু আলোচনার মাঝে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা ঢেলেছেন ঘি! বলেছেন, ‘জাতীয় দলের প্রতি মনোযোগ বাড়াতেই মিয়ামিতে গেছেন মেসি।’
স্পেনের সংবাদমাধ্যমে লাপোর্তা জানিয়েছেন, মেসি ফিরতে চেয়েছিলেন কিন্তু আর্জেন্টিনার কথা ভেবেই তিনি আবার ন্যু ক্যাম্পে আসেননি, ‘মেসি চেয়েছিলেন বার্সেলোনায় ফিরতে। তার বাবাও চেয়েছিলেন। এমনকি আমরাও চেয়েছি। কিন্তু পিএসজিতে তিনি “কঠিন” সময় পার করেছেন, তাই বার্সেলোনায় ফেরেননি।’
আরও পড়ুন : বার্সা নয়, মিয়ামিতে মেসি!
বার্সায় ফেরার কারণ হিসেবে মেসি নিজের অবস্থার কথা জানিয়েছেন বলেও মত লাপোর্তার। পিএসজিতে নিষেধাজ্ঞা, ভক্তদের কটুকথা ও দুয়োধ্বনি মেসির মনোবল ভেঙে দিয়েছিল। সে কারণে ক্যাম্প ন্যুতে ফেরার চিন্তা বাদ দেন আর্জেন্টাইন তারকা। লাপোর্তা বলেছেন, ‘মেসি প্যারিসে খুব কঠিন মৌসুম কাটিয়েছেন। যেখানে তিনি অনেক চাপের মধ্যে ছিলেন। তাই ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মিয়ামিতে থাকাকালে তিনি চাপমুক্ত থাকবেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি মনোনিবেশ বাড়াতে পারবেন।’