প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১০:১৩ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:৫২ পিএম
দারুণ বোলিংয়ে ভারতকে ৯৫ রানে আটকে দেয়। ব্যাটিং ব্যর্থতায় ৮৭ রানে অলআউট হয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারেননি বাংলাদেশের মেয়েরা। তাতে সিরিজ হার নিশ্চিত হয়েছে। এবার লক্ষ্য ব্যবধানটা যেন না হয় ৩-০; বাংলাদেশের মেয়েদের চাওয়া ব্যবধানটা হোক ২-১। এমন লক্ষ্য নিয়ে আজ মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতি-মারুফা আক্তাররা।
আরও পড়ুন : ফুটবলার কিনতে পারবে না রোনালদোর আল নাসর
মঙ্গলবার মিরপুরে দারুণ বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন মেয়েরা। স্বর্ণা আক্তার দারুণ এক ক্যাচ ধরেন। সোবহানা মুস্তারি ক্যাচ নিতে গিয়ে হন ইনজুরড। পাশাপাশি গ্রাউন্ড ফিল্ডিংয়েও ছিল না কোনো ভুল। সব মিলিয়ে ভারতকে ৯৫ রানে আটকে দেন। পুরোনো ব্যাটিং ব্যর্থতায় জয়টা তুলে নেওয়া সম্ভবপর হয়নি মেয়েদের জন্য। ভুল থেকে শিক্ষা নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পুরস্কার বিতরণীর মঞ্চে বলেন, ‘লেটস ট্রাই টু মুভ অন’।
ম্যাচ শেষে অধিনায়কের ওই কথার সুরে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যের কথা বলেন নাহিদা আক্তার। সামনের ম্যাচে ব্যাটাররা নিজেদের ভুলগুলো শুধরে নেবেন এমনটাই আশা তার, ‘ইনশাল্লাহ পরের ম্যাচে ব্যাটাররা তাদের ভুলগুলো শুধরে নেবেন।’ দ্বিতীয় ম্যাচ হারের দায় শুধু ব্যাটিং ব্যর্থতা সেটা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক অবশ্য সতীর্থদের ব্যর্থতা ঢাকতে নিজের ওপর নেন দায়ভার, ‘আমার উচিত ছিল ম্যাচটা শেষ করে আসা।’ ওই ব্যর্থতা ভুলে আজ জয় পাওয়াটাই লক্ষ্য।
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে আছে ইনজুরি শঙ্কা। ব্যাটার সোবহানা মুস্তারি ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলি হিসেবে কনকাশন সাব হয়ে নামেন মুর্শিদা খাতুন। সোবহানা মঙ্গলবার রাতে টিম হোটেলে ফেরেন। তবে এখনও নিশ্চিত করা যায়নি তিনি খেলবেন কি না। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকবে টিম ম্যানেজমেন্ট। শেষমেশ তিনি খেলতে না পারলেও বাংলাদেশের জন্য সেটা হয়ে উঠবে বড় ধাক্কা।
দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের পর ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কাউর বলেন, ‘জয়ের জন্য কৃতিত্ব বোলারদের। তারা দারুণ বোলিং করেছে।’ অধিনায়কের মতো সংবাদ সম্মেলনে আসা ওপেনার শেফালি ভার্মাও কৃতিত্ব দেন বোলারদের। বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম ৬০ রানের মধ্যে অলআউট করে দিতে পারব।’ তবে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে সেটা মনে করিয়ে বলেন, ‘বাংলাদেশ দারুণ উন্নতি করেছে। ওরা দারুণ খেলছে।’ শেফালির ওই কথাতেই স্পষ্ট বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ভারত। তৃতীয় ম্যাচেও পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশকে ঘায়েল করতে চাবে তারা। দুই দলের ওই লড়াই আজ দুপুর ২টায় শুরু হবে মিরপুরে।