প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২২:৩৪ পিএম
উইম্বলডনের কোর্টে লড়ছেন আর ঘুরে বেড়াচ্ছেন। স্তেফানোস সিতসিপাসের সঙ্গেই এই তথ্যটা সবচেয়ে বেশি মানায়। গ্রিসের তারকা এ খেলোয়াড় একা নন। লন্ডনে সঙ্গী করে নিয়েছেন স্প্যানিশ প্রেমিকা পলা বাদোসাকেও।
আরও পড়ুন : হতশ্রী জার্মানি, দায় গার্দিওলার!
সিতসিপাস পুরুষ এককে এখনও লড়াই করে যাচ্ছেন। ছুটছেন শিরোপা জয়ের পথে। কিন্তু তার বান্ধবী বাদোসা টেনিসের এ গ্র্যান্ড স্ল্যাম থেকে ছিটকে গেছেন আগেই। পিঠের ইনজুরি তাকে দর্শক বানিয়ে দিয়েছে।
সিতসিপাস-বাদোসার খেলার কথা ছিল উইম্বলডনের মিশ্র দ্বৈতে। লন্ডনের কোর্টে হাতে হাত রেখে লড়াই করতে চেয়েছিলেন তারকা এ জুটি। কিন্তু শেষমেশ ইনজুরি এসে তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। সেই হতাশা দূরে ঠেলে দিয়ে সময়টা উপভোগ করছেন এই সেলেব্রিটি জুটি। লন্ডনে রোমান্টিক এক সপ্তাহ কাটল দুজনের।
নাইটব্রিজের সল্ট বে-তে তারা উপভোগ করলেন ডিনার। সঙ্গে ঘুরতে গিয়েছিলেন হাইড পার্কে। সূর্যাস্তের সময় বাদোসার গালে সিতসিপাস বসিয়ে দেন ভালোবাসামাখা চুমু। সেই দৃশ্য ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন দুজন।