× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হতশ্রী জার্মানি, দায় গার্দিওলার!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২২:২১ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ২২:৩৫ পিএম

হতশ্রী জার্মানি, দায় গার্দিওলার!

জার্মানি যেন বড় বাঁচা বেঁচেছে। ইউরোর বাছাই পর্বে যদি জার্মানদের খেলতে হতো তাহলে কী অবস্থাটাই না হতো। স্বাগতিক না হলে ইউরোপসেরা হওয়ার মঞ্চেও হয়তো ব্রাত্য হয়ে পড়ত জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মানরা বড় মঞ্চে নিজেদের হারিয়ে ধুঁকছেন। ২০১৮ ও ২০২২- পরপর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের এই সময়ের মাঝে সাফল্য বলতে একবার ইউরোর সেমিফাইনাল খেলা। জার্মানি এখন এসে জিততেই যেন ভুলে গেছে। 

আরও পড়ুন : স্টোকসের চোখ সিরিজ জয়ে

সবশেষ ১৫ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে জার্মানি। কাতার বিশ্বকাপের পর খেলা পাঁচ ম্যাচে পরিসংখ্যান আরও বাজে, জিতেছে মাত্র একটিতে। সেটিও আবার অপেক্ষাকৃত খর্বশক্তির দল পেরুর বিপক্ষে। ইউরোপের অন্যতম সফল দলটির এমন হতশ্রী পারফর্মের পেছনে বা ব্যর্থতার পেছনে দায় কার? বাস্তিয়ান শোয়েনস্টেইগারের মতে পেপ গার্দিওলার! ম্যানচেস্টার সিটির কোচের দিকে এমন গুরুতর অভিযোগের আঙুল তুলেছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। গার্দিওলার কৌশলের কারণেই মূলত স্বকীয়তা হারিয়ে ধুঁকছে জার্মানির ফুটবল। গার্দিওলা যদি জার্মানির বায়ার্ন মিউনিখে কোচিং না করাতেন তাহলে নাকি জার্মানদের এমন বাজে সময় আসত না, ধারণা শোয়েনস্টেইগারের।

গার্দিওলাকে দায়ী করা সাবেক বায়ার্ন তারকা শোয়েনস্টেইগার গার্দিওলার অধীনেই খেলেছিলেন দুই বছর। ২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে মিউনিখের ক্লাবটির দায়িত্ব নেন গার্দিওলা। বাভারিয়ানদের তিন বছরে ৭টি শিরোপা জিতিয়ে ২০১৬ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। সেই গার্দিওলার দিকে অভিযোগের আঙুল শোয়েনস্টেইগারের- ‘যখন পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে এ দেশে আসেন, তখন সবাই বিষয়টা বুঝতে পেরেছিল। সবাই বুঝেছিল যে আমাদেরও এখন শর্ট পাস এবং গার্দিওলার স্টাইলের ফুটবল খেলতে হবে। এর ফলে ব্যাপারটা এমন হলো যে, আমরা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেললাম।’

জার্মানির এমন পতনের কারণ ব্যাখ্যায় শোয়েনস্টেইগার ব্রিটিশ রেডিও স্টেশন টক স্পোর্টকে বলেছেন, ‘আমার মনে হয় বেশিরভাগ দেশ জার্মানিকে দেখে লড়াকু হিসেবে। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পারি। কিন্তু গত সাত-আট বছরে আমরা নিজেদের সেই শক্তি হারিয়ে ফেলেছি। আমরা সব ভুলে গেলাম এবং নিজেদের মধ্যে সুন্দরভাবে বল দেওয়া-নেওয়ায় মনোযোগী হয়ে পড়লাম। এটা একটা কারণ।’

অবশ্য ২০১৪ সালে জার্মানি যখন বিশ্বকাপ জেতে, তখন বায়ার্নের কোচ ছিলেন গার্দিওলাই। আর জার্মানি ২০১৮ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার দুই বছর আগেই বায়ার্নকে বিদায় জানান গার্দিওলা। সেক্ষেত্রে গার্দিওলার দিকে ওঠা শোয়েনস্টেইগারের আঙুল কার্যত অন্তসারশূন্য বটে! 

কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কোচ হান্সি ফ্লিক বলেছিলেন, ‘ইউরো শুরু হতে এখনও অনেক সময় বাকি। যথেষ্ট সময় আছে আমাদের হাতে। আমাদের যা করতে হবে তা নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। আগামী জুনের মধ্যে আমাদের একটি কার্যকরী দল থাকবে। এটি একটি প্রক্রিয়া, যা আমরা একসঙ্গে গড়ে তুলব। দল এটি করতে প্রস্তুত। আমরা এমন একটি পর্যায়ে আছি, যা এত সহজ নয়। আমরা এটি থেকে বেরিয়ে আসব। আমরা দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সের দিকে তাকাতে পারি। যদিও ফলাফল অবশ্যই আমাদের জন্য যথেষ্ট নয়।’

দায় বা অভিযোগের আঙুল যার দিকেই উঠুক, বিশ্বকাপের মতো ইউরো থেকেও দ্রুত বিদায় না নিতে চাইলে এখনই ভাবতে হবে ফ্লিককে। জয়ের ধারায় ফেরা এবং এগিয়ে যাওয়ার পথে গার্দিওলার হাতে সময় অল্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা