প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৯:৩৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩ ২১:১০ পিএম
প্রথম দুই ম্যাচে হার মেনে অবশেষে দাপট দেখাল বাংলাদেশ। ছিনিয়ে নিল সান্ত্বনার জয়। অতিথি আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল ৭ উইকেটের বড় ব্যবধানে। ১৫৯ বল হাতে রেখে পাওয়া দুর্বার এ জয়ে হোয়াইটওয়াশ এড়াল লিটন দাসরা। শেষটা জয়ে রাঙাতে না পারলেও আফগানিস্তান সিরিজ ট্রফি নিজেদের করে নিল ২-১ ব্যবধানে।
আরও পড়ুন - জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিক ক্রিকেটারদের মুখে নেই হাসি। অন্যদিকে ম্যাচ হেরেও হাসছেন আফগান ক্রিকেটাররা। কেননা আগের দুই ম্যাচ জিতে সিরিজ যে তারা নিশ্চিত করে রেখেছিল আগেই। আজকের ম্যাচ ছিল কেবলই আনুষ্ঠানিকতা। সিরিজটা তারা ৩-০ তে জিতে বাংলাদেশকে ধবলধোলাই করবে নাকি সিরিজ ২-১ ব্যবধানে জিতবে, সেটাই ছিল দেখার।
দুরন্ত ব্যাটিং শুরু করেছিলেন সাকিব আল হাসান। তবে ইনিংসটা বড় করতে পারেননি। ৩৯ রান নিয়ে মোহাম্মদ নবির বলে ক্যাচ তুলে ফেরেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তবে ফিফটি মিস করেননি লিটন দাস। ৬০ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় বাংলাদেশ ক্যাপ্টেন খেলেন হার না মানা ৫৩* রানের দাপুটে এক ইনিংস। দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে তবেই মাঠ ছাড়েন। তার সঙ্গী তাওহিদ হৃদয় অপরাজিত থেকে যান ২২* রানে। তাতেই জয়ের লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। স্বাগতিকরা ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই তুলে নেয় ১২৯ রান।
তার আগে তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তানকে আটকে দিয়েছে ১২৬ রানে। শুরুতে ফজলহক ফারুকির ছোবলে শুরুটা নড়বড়ে হলেও তা কাটিয়ে ওঠে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংস শুরু হতেই আঘাত হানেন ফজলহক ফারুকি। ফিরিয়ে দেন মোহাম্মদ নাঈম ও নাজমুল হোসেন শান্তকে। শান্ত ১১ রান নিয়ে সাজঘরের পথ ধরলেও নাঈম রানের খাতাই খুলতে পারেননি।
তার আগে বল হাতে পেস ঝড় তুলেন শরিফুল ইসলাম। একাই শিকার করেন ৪ উইকেট। তাতেই ৪৫.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানরা। অতিথিদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রান তুলেন আজমাতুল্লাহ ওমরজাই। ২২ রান আসে হাশমাতুল্লাহ শহিদির ব্যাট থেকে।