প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২২:৪১ পিএম
নারী ফুটবলের সুপারস্টার তিনি। দেশের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ শিরোপা। সাফল্য আছে ব্যক্তিপর্যায়েও। ব্যালন ডি’অরসহ সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়েছে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফুটবলার মেগান র্যাপিনোর।
আরও পড়ুন : নেইমার-ভিনির ভালোবাসায় সিক্ত বাকিরাও
সেই তিনি এবার বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন- ২০ জুলাই শুরু হতে চলা ফিফা নারী বিশ্বকাপেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন ৩৮ বছর বয়সি এই ফুটবলার।
যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখে একই সঙ্গে গোল্ডেন বুট ও বল দুই-ই জেতা হয়েছে তার। পরবর্তীকালে ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাবও জেতেন তিনি। সেই তিনি এবার বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছেন এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।
দীর্ঘ ক্যারিয়ারের জন্য সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে মেগান বলেন, ‘আমি অসাধারণ একটা ক্যারিয়ার পার করেছি। খেলার মাধ্যমেই সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছি। এতদিন সাফল্যের সঙ্গে খেলতে পেরে সবার কাছে কৃতজ্ঞ আমি।’