প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ২১:৫০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ২২:০৩ পিএম
সময়টা ভালো কাটছিল না নেইমারের। পিএসজিতে অনিশ্চয়তা ছাড়াও নিজ দেশ ব্রাজিলে বাড়ি নির্মাণ করতে গিয়ে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন নিয়ে বিতর্ক তো লেগেই আছে। ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের গল্পটাও অনেকটা একই। বিতর্কে না জড়ালেও ঠিকই পুড়ছেন বর্ণবাদের শিকার হওয়া নিয়ে।
আরও পড়ুন : সৌরভের চাওয়া ভারত-পাকিস্তান সেমিফাইনাল
এসব ভুলে থাকতেই কি না ক্লাব ফুটবলের বিরতি কাজে লাগিয়ে নিজ দেশ ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক হয়েছিলেন এ দুই তারকা। খানিকটা সময়ের জন্য মেতেছিলেন আড্ডা-গল্পে। পরে যা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভিনি। পোস্টটিতে দুজনের ভালোবাসায় সিক্ত হয়েছেন ব্রাজিল ফুটবল দলের বাকিরাও।
নেইমারকে অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই আইডল মেনে আসছেন ভিনি। কাতার বিশ্বকাপের সময়ই জানিয়েছিলেন, নেইমারের সঙ্গে খেলাটা ছিল তার স্বপ্ন। ক্যারিয়ারজুড়ে তাকেই অনুসরণ করেছেন তিনি। চান মাঠে নেইমারকে অনুসরণ করতে। একই সঙ্গে জানিয়েছিলেন নেইমার এখন তার ভাইয়ের মতো, বিভিন্ন সময় পরামর্শ নেন তার কাছ থেকে। সে কারণেই নেইমারের সঙ্গে রিও ডি জেনিরোতে আড্ডা নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের সঙ্গে সময় কাটানোর ছবি ও ভিডিও দিয়ে ভিনি লেখেন, ‘আদর্শের সঙ্গে যখন বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে সময় কাটাতে আসে তখন সেটা দারুণ ব্যাপার। কখনও নিজের স্বপ্নের পিছু ছাড়বে না- এই কথাটা আগে কখনও এতটা অর্থবহ মনে হয়নি। এত কিছুর জন্য তোমাকে (নেইমারকে) ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’
ভিনির এমন পোস্ট নজর এড়ায়নি নেইমারের। ভালোবাসার ইমোজি দিয়ে সেই পোস্টের কমেন্টে নেইমার লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ পরে সেই কমেন্টে একে একে যোগ দেন নেইমারকে আদর্শ মানা আরেক রিয়াল ফুটবলার রদ্রিগো ও ডিফেন্ডার থিয়াগো সিলভা। রদ্রিগো লিখেছেন ‘আদর্শগণ।’ অন্যদিকে ভালোবাসার ইমোজি দিয়ে সবাইকে সিক্ত করেছেন দলটির অধিনায়ক সিলভাও।
এর আগেও কঠিন সময়ে ভিনিকে সমর্থন দিয়েছেন নেইমার। রিয়ালে বর্ণবাদের শিকার হওয়ার পর ভিনির সমর্থনে নেইমার লেখেন, ‘আমাদের কিছু একটা করতে হবে... এটা আমরা আর কতদিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কতদিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি। বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার।’