প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২২:৫৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ০১:৪৫ এএম
মিরপুরে ছেলেদের ম্যাচ মানেই টিকিট নিয়ে হাহাকার। টিকিটহীন দর্শকদের স্টেডিয়ামের আশপাশে ঘোরাফেরাও করতে দেখা যায়। মেয়েদের ক্রিকেট নিয়ে অবশ্য এই রকম কোনো উৎসাহ চোখে পড়ে না। মিরপুরে কিছু দর্শক আসবেন এমনটা তো আশা করতেই পারেন সবাই।
আরও পড়ুন : ভারত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঠিক করবে সরকারি কমিটি
সে কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ টিকিট ছাড়াই উপভোগ করা যাবে। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের কর্মকর্তা তৌহিদ মাহমুদ।
বাংলাদেশের হার দিয়ে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে নারী দলের সিরিজ। এই সিরিজে দর্শকরা কোনো টিকিট ছাড়াই মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন। গ্যালারির গ্র্যান্ডস্ট্যান্ড বাদে সব জায়গায় থাকবে দর্শকদের প্রবেশাধিকার। গ্র্যান্ডস্ট্যান্ডের জন্য গুটিকয়েক দর্শকের টিকিট দেওয়া হয়েছে। তারাই সেখানে বসে খেলা উপভোগ করতে পারবেন।
নারী দলের এই সিরিজ টিভিতে সম্প্রচার করার কথা ছিল। শেষ মুহূর্তে সেটা হচ্ছে না। তবে বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খেলা দেখানো হবে। ধারাভাষ্য সহকারে খেলা দেখানো হবে। টিভি সম্প্রচার না থাকায় ডিআরএস থাকছে না। বিকল্প হিসেবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তের ওপর নির্ভর করা হবে।
দীর্ঘ ১১ বছর পর মিরপুরে খেলার সুযোগ পাচ্ছেন মেয়েরা। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই মাঠে খেলেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে পুরো সিরিজটাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।