× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবার স্বপ্নপূরণেই ক্রিকেট খেলেছি, তবে...

আপন তারিক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ০৯:২৪ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১১:০৩ এএম

বাবার স্বপ্নপূরণেই ক্রিকেট খেলেছি, তবে...

বাবা—এক আবেগের নাম! সন্তানরা অনেক সময়ই তাই বাবার দেখানো পথেই হাঁটেন। কেউ সফল হন, আবার কারোর পথটা মসৃণ হয় না! তামিম ইকবাল সেই যাত্রায় সফলদেরই একজন! তারপরও গতকাল বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি। চোখ ছলছল করে উঠল। প্রয়াত বাবার কথাও মনে পড়ল খুব! 

চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলের কৃষ্ণচূড়া হলে পা দিয়েই তামিম বুঝতে পারলেন, তাকে ঘিরে গণমাধ্যমের আগ্রহটাও কম নয়। জনাকীর্ণ সেই রুমে কথা বলতে গিয়েও বেগ পেতে হলো তাকে। তারপর যেভাবে বিদায়ের ঘোষণাটা দিলেন তাতে মনে হচ্ছিল খবরটা গণমাধ্যমের জন্য যতই আকস্মিক হোক, ভেতরে ভেতরে ঠিকই প্রস্তুত হচ্ছিলেন তামিম।

ক্রিকেটার ও মানুষ হিসেবে আমাকে গড়ে তুলতে যারাই সহায়তা করেছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমার মা, ভুলে গিয়েছিলাম তার কথা বলতে, আমার ভাই, স্ত্রী, আমার দুই সন্তান, আমার এই পথচলায় তাদেরকে অনেক ভুগতে হয়েছে

তাই তো আবেগের বাঁধ ভেঙে চেনা এই ক্রিকেট জগতের আন্তর্জাতিক বলয় থেকে বিদায় বলতে গিয়ে কাঁদলেন তিনি। সেই কান্না মাথা আড়াল করে লুকোতে চাইলেন। কিন্তু অঝোর কান্নার সেই বাঁধ ভাঙল! শুরুর যে কোলাহল ছিল গোটা হলরুমে, শেষে যেন শোকাবহ এক দৃশ্যেরই অবতারণা হলো। কান্নায় ভেঙে পড়ে তামিম ফিরে গেলেন স্মৃতির দুয়ারেও। ৩৪ বছর বয়সি এই ব্যাটারের মনে পড়ে গেল বাবার কথা, ‘আপনাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমার, যেটা আমার মনে হয় আপনাদের প্রাপ্য। আমি সব সময় একটা কথা বলেছি যে, খেলাটি আমি খেলেছি, সব সময় বলেছি, ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণের জন্য। নিশ্চিত নই, আন্তর্জাতিক ক্রিকেটে এই ১৬ বছরে আমি তাকে গর্বিত করতে পেরেছি কি না।’

আরও পড়ুন: 

মায়ের কথাও বিদায় বেলায় মনে করলেন তামিম- ‘যাদের ধন্যবাদ জানানো উচিত, এমন কেউ বাদ পড়ে গেলে দুঃখিত। তবে ক্রিকেটার ও মানুষ হিসেবে আমাকে গড়ে তুলতে যারাই সহায়তা করেছেন, সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমার মা, ভুলে গিয়েছিলাম তার কথা বলতে, আমার ভাই, স্ত্রী, আমার দুই সন্তান, আমার এই পথচলায় তাদেরকে অনেক ভুগতে হয়েছে, পাশাপাশি তারা মনে রাখার মতোও অনেক কিছু পেয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই।’

কথাগুলো বলতে গিয়ে বারবার কাঁদলেন। যেন চট্টগ্রামের কাজীর দেউড়ির বিখ্যাত খান বাড়ির এই ক্রিকেটারটি ছোট্ট শিশুর মতো হয়ে গেলেন। তামিম সংবাদ সম্মেলনে আরও বলছিলেন, ‘আরও অনেককে ধন্যবাদ জানাতে হবে আমার। সবচেয়ে ছোট চাচা, যিনি ইন্তেকাল করেছেন, আকবর খান। উনার হাত ধরেই আমার প্রথম ক্রিকেট বলের টুর্নামেন্ট খেলা। তার প্রতি আমি কৃতজ্ঞ। এমএ আজিজ স্টেডিয়ামে তপন দা নামে একজন কোচ আছেন, যিনি ছোটবেলা থেকে... তার কাছে ছোটবেলা থেকে অনুশীলন করেছি। তাকে ধন্যবাদ জানাই।’

গতকাল অশ্রুসিক্ত নয়নে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম

বাবার স্বপ্নপূরণ করতেই ক্রিকেটে পা রাখেন তামিম। তারপর সময়ের পথ ধরে হয়ে উঠেছেন দেশের সেরাদের একজন। ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে তুলেছেন ৫১৩৪ রান। সেঞ্চুরি ১০টি, ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি তামিমের। ২৪১ ওয়ানডে খেলে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান। ১৪ সেঞ্চুরি আর ফিফটি ৫৬টি। এই সংস্করণে দেশের হয়ে রান, সেঞ্চুরি, ফিফটি- সবকিছুতেই তিনিই শীর্ষে। ৭৪ ম্যাচে ১ হাজার ৭০১ রান নিয়ে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেন গত বছরের জুলাইয়ে। এই ফরম্যাটে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম। এমন কীর্তির গল্প লিখে শেষ করা যাবে না! কারণ প্রায় দেড় যুগের ক্যারিয়ারে মাথা উঁচু করেই খেলে গেছেন।

এবার সেই অধ্যায়ের ইতি। তামিমের পুরো পরিবারটাই জড়িয়ে আছে খেলার সঙ্গে। বাবা ইকবাল খান ছিলেন ফুটবলার। চাচা আকরাম খান তো বিখ্যাত ক্রিকেটার। বড় ভাই নাফিস ইকবালও জাতীয় দলে খেলেছেন। যদিও ক্যানসার আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই বাবা দেখতে পারেননি ছেলের এমন কীর্তি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা