× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবেগাপ্লুত সতীর্থরাও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১১:০১ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১১:০৭ এএম

আবেগাপ্লুত সতীর্থরাও

এই চট্টগ্রামেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে থাকার ঘোষণা দেন তামিম ইকবাল। পরে ওই ফরম্যাটে আর ফেরা হয়নি। এই তো গত বছরের ১৬ জুলাই টি-টোয়েন্টি থেকে বিদায় নিলেন। কথা ছিল ওয়ানডে-টেস্টে আরও বেশি মনোযোগী হবেন। দুই ফরম্যাটের ওই যাত্রাটা এক বছরের বেশি দীর্ঘ হলো না। তরুণ তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছরের লম্বা পথ পেরিয়ে থামলেন। দীর্ঘ পথ পরিক্রমায় তামিম তরুণ থেকে হয়ে ওঠেন সবচেয়ে অভিজ্ঞদের একজন। দীর্ঘ যাত্রায় জাতীয় দলের অসংখ্য ক্রিকেটারের সঙ্গে ভাগাভাগি করেন ড্রেসিংরুম। অনেক সুখ-দুঃখের স্মৃতি জড়িয়ে আছে সেখানে। তার বিদায়ে তৈরি হওয়া অভাব বোধ করবেন সব ক্রিকেটারই। তাই তো তামিমের বিদায়ে ব্যথিত তার সতীর্থরা জানান প্রতিক্রিয়া।

আরও পড়ুন : তামিমের বিদায়ি বার্তা

২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তাসকিন আহমেদ তামিমের সঙ্গে খেলেছেন ৭৪ ম্যাচ। তার বিদায়ে ব্যথিত এই স্পিডস্টার ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’ বাংলাদেশের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য মুমিনুল হক তামিমের বিদায়ি বার্তায় বলেন, ‘প্রিয় তামিম ভাই, আপনি সব সময়ই বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ অংশ। আপনাকে সব সময় মনে পড়বে। একজন সতীর্থ হওয়া ছাড়াও আপনি একজন বড় ভাই হিসেবে সব সময় আমার পাশে ছিলেন। আমাদের একসঙ্গে কাটানো সব মজার মুহূর্ত ও আপনাকে খুব মিস করব। শুভকামনা আপনার জন্য। চিরকাল ভালোবাসি।’

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি। ক্রিকেট তামিমকে মিস করবে এমনটাই মনে করেন এই অলরাউন্ডার। তিনি লেখেন, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’

তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকার ভালো স্মৃতিগুলোকে ধারণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। দলের সবাই তার শূন্যতা অনুভব করবে সেটাও মনে করেন সৌম্য, ‘বিদায় বলা আমাদের জীবনের একটি অংশ এবং আসুন এটি নিয়ে দুঃখিত না হই। বরং সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সঙ্গে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আমরা সবাই আপনাকে মিস করব। আপনার নতুন গন্তব্যের যাত্রাটা দুর্দান্ত হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই।’ 

তামিমের বিদায়ের পরপরই ফেসবুক লাইভে নিজের প্রতিক্রিয়া জানান বাংলাদেশের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল। তার কণ্ঠে ছিল শুধুই আক্ষেপ। আশরাফুল বলেন, ‘গত এক বছর ধরেই শুনছিলাম বাংলাদেশ বিশ্বকাপ জয়ের আশা নিয়ে ভারতে যাচ্ছ এমন ঘোষণা দেওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ঘুম থেকে উঠেই দেখলাম সে অবসর নিয়ে ফেলেছে। যদিও এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তার পুরোনো। তবুও অবাক হয়েছি, তা সত্ত্বেও বলব সে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আর ২-১টা ম্যাচ হারলে তাকে বাজেভাবে অধিনায়কত্ব ছাড়তে হতো। তার সাম্প্রতিক ফর্ম থেকে সাধারণ মানুষ সেই ২০০৭ সালের তামিমকে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেটা তো সম্ভব নয়।’

বিশ্বকাপের আগে তামিমের আর ফিরে আসার কোনো সম্ভাবনাও দেখেন না তিনি। এই নিয়ে আশরাফুলের ভাষ্য, ‘আমি শকড। আর হয়তো ৬-৭টা ম্যাচ পরেই বিশ্বকাপ। তার আগেই এমন সিদ্ধান্ত। জীবনটাই এ রকম, তাকেও হঠাৎই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাংলাদেশের সব ফরম্যাটে তিনি টপ স্কোরার ছিলেন এবং ২৫টা সেঞ্চুরি অবশ্যই বিরাট অ্যাচিভমেন্ট। আমার মনে হয় না সে ফিরে আসবে, যেহেতু বিশ্বকাপের আগেও আর তেমন সময় নেই।’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের আগে তিন ফরম্যাটে ৩৮৯ ম্যাচে ৩৫.১৯ গড়ে ১৫ হাজার ২০৫ রান করেন তামিম। তিন সংস্করণে করেছেন ৯৪ হাফসেঞ্চুরি ও ২৫ সেঞ্চুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা