প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩ ২৩:৫৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩ ২৩:৫৫ পিএম
বিশ্বকাপের তৃতীয় আসর ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে আগের দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের হারকে আজও ক্রিকেট বিশ্বের অন্যতম অঘটন হিসেবে মানা হয়। সেই দলটি যে একদিন এরচেয়ে বড় অঘটন ঘটাবে কে ভেবেছিল? শনিবার জিম্বাবুয়ের হারারেতে নিজেরাই নিজেদের কবর খুঁড়েছে ক্যারিবীয়রা।
আরও পড়ুন : অপেক্ষায় থেকেও মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ হয়নি জামাল ভূঁইয়ার
স্কটল্যান্ডের বিপক্ষে হারে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা হারিয়েছে দলটি। দলটির এমন কঠিন সময়ে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেসন হোল্ডার। তবে খুব রাতারাতি যে এই পরিবর্তন আসবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক শাই হোপ- ‘এক সকালে ঘুম থেকে উঠেই আমরা ভালো দল হয়ে যাব না’।
বিশ্বকাপের ১৩তম আসর মাঠে গড়াবে দুবারের বিশ্বকাপজয়ীদের ছাড়াই। ওয়েস্ট ইন্ডিজ কি সব হারাল? - এমন প্রশ্নের জবাবে হোল্ডার বলেন, ‘আমি মনে করি না সব হারিয়ে গেছে। দলে অনেক তরুণ আছে যারা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ভালো পরিবর্তন আনতে পারে। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে তাদের সমর্থন দিতে হবে। সময়টা সত্যিই বেশ গুরুত্বপূর্ণ, আমরা প্রতিযোগিতার বাইরের সময়টাকে কাজে লাগাতে পারি এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারি। আমাদের নিচের স্তরগুলো দেখতে হবে এবং তাদের উন্নতি করতে হবে। যাতে ছেলেরা যখন এখানে আসে তখন তাদের একটি ভালো ভিত্তি থাকে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের কিছু বিশেষ মনোযোগ দিতে হবে। এটি কোনো দ্রুত সমাধান নয়। এটি এমন কিছু যার জন্য আমাদের সময় ব্যয় করতে হবে। উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আগামী দুয়েক বছরের মধ্যে আমরা সেই ফসলের ফল দেখতে পাব।’
এ ছাড়াও ক্যারিবীয় অঞ্চলকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে হোল্ডার বলেন, ‘আমাদের সকলকে এটি করতে হবে। এটি কোনো পৃথক জিনিস নয়, এটি আঞ্চলিক বিষয়ও নয়, আমাদের একটি অঞ্চল হিসেবে একসঙ্গে এগিয়ে আসতে হবে এবং আমরা কীভাবে একটি গোষ্ঠী হিসেবে এগিয়ে যেতে চাই এবং এটি ঘটাতে চাই তা নিয়ে সত্যিই ভাবতে হবে।’
বাছাইপর্ব শেষেই ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে নতুনভাবে শুরু করতে চায় দলটি। এ নিয়ে হোল্ডার বলেন, ‘মাথা নিচু করে বসে থাকার কোনো মানে নেই। আমাদের আরও ভালো হওয়ার উপায় খুঁজে বের করতে হবে এবং ধারাবাহিকভাবে সেদিকে যেতে হবে। ভালো পারফরম্যান্স এবং খারাপ পারফরম্যান্সের মধ্যে অনেক ওঠানামা হয়েছে। আমরা কোথায় আছি তা বোঝার জন্য, আমরা কোথায় যেতে চাই তা জানতে এটি সাহায্য করবে।’
অন্যদিকে দলের অধিনায়ক শাই হোপ বলেন, ‘আমাদের প্রস্তুতি আরও ভালো হওয়া দরকার ছিল। আর এটি শুরু হয় নিজেদের ঘর থেকে। কাজেই আমরা কেবল একদিন সকালে ঘুম থেকে উঠে একটি দুর্দান্ত দল হওয়ার আশা করতে পারি না। আমাদের অনেক কিছুর ওপর ফোকাস করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে আমরা আমাদের সবটাই ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকদের দিয়ে দেব।’